শিশুটি নতুন জীবন পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার পাশে পড়ে ছিল ফুটফুটে এক নবজাতক। অঝোরে কাঁদছিল। কান্নার শব্দে এগিয়ে আসেন এক কৃষক। কোলে তুলে নেন শিশুটিকে। বাড়িতে নিয়ে স্ত্রীর হাতে তুলে দেন। পরদিন সকালে তাঁর বাড়িতে ছুটে আসেন অনেক নারী। কেউ তাঁর জন্য দুধ নিয়ে আসেন। কেউ বা কোলে নেন। শেষে এক নারী শিশুটিকে লালনপালন করার দায়িত্ব নেন।
এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামে। এভাবে অভিভাবকদের নিগ্রহের শিকার হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে নতুন জীবন পেল শিশুটি। গত শুক্রবার রাতে হারুয়া গ্রামের কৃষক জলিল মিয়া রাস্তার পাশ থেকে তাকে উদ্ধার করেন।
জলিল মিয়া বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলাম। পথে হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কের পাশে কান্নার শব্দ শুনতে পাই। দেখি, সদ্য জন্ম নেওয়া একটি শিশু হাত-পা ছুড়ে কাঁদছে। পাশেই শেয়াল ডাকছে। প্রাণ বাঁচানোর জন্য শিশুটিকে তুলে স্ত্রীর কাছে নিয়ে যাই। পরদিন সকালে স্ত্রীসহ আশপাশের নারীরা এসে শিশুটির সেবায় ব্যস্ত হয়ে পড়েন। পরে পুলিশ আসে। তাঁদের মধ্যে মো. মোরশেদ নামের একজন কনস্টেবল শিশুটির কথা মুঠোফোনে তাঁর নিঃসন্তান চাচাতো বোনকে জানান। তাঁর ওই বোন শিশুটিকে দত্তক নেন। তাঁর বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। দেখতে সুন্দর হওয়ায় শিশুটির নাম দেওয়া হয়েছে অপূর্ব।’
ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বশিরুল আলম বলেন, শিশুটিকে রাতের আঁধারে কে বা কারা ফেলে গেছে তা জানা যায়নি। একজন নারী শিশুটি লালনপালনের ইচ্ছা প্রকাশ করেছেন। থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করে শিশুটিকে ওই নারীর হাতে তুলে দেওয়া হয়েছে।