শিশুটি পরিবারের কাছে ফিরতে চায়
১০ বছরের শিশু মারুফ। নয় দিন ধরে চট্টগ্রাম কারাগারে সে। পরিবারের কাছে ফিরে যেতে চায়, কিন্তু বাড়ির ঠিকানা সঠিকভাবে বলতে পারে না।
শিশুটি বলছে, কক্সবাজারের উখিয়া কোর্ট বাজার সোনারপাড়ার নূর মোহাম্মদের ছেলে সে। কিন্তু ওই ঠিকানায় শিশুটির কোনো অভিভাবককে পাওয়া যাচ্ছে না।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মারুফ প্রথম আলোকে বলল, ‘আমি বাবার কাছে ফিরে যেতে চাই। স্কুলে যাওয়ার পথে গত ১ জানুয়ারি ওরা আমাকে ধরে ঢাকায় নিয়ে যায়। সেখানে হোটেলে রাখে। পরে মিরসরাইয়ের মহামায়া সেচ প্রকল্প এলাকায় কান্নাকাটি করলে লোকজন পুলিশ হেফাজতে দেয়। ওখানে কীভাবে গেছি জানি না।’
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের বলেন, ‘শিশুটিকে কারাগারে পৃথকভাবে নিরাপদ হেফাজতি হিসেবে রাখা হয়েছে। পরিবারের কাছে আদালতের মাধ্যমে হস্তান্তরের জন্য কক্সবাজারের উখিয়ার ঠিকানায় যোগাযোগ করেও কাউকে পাওয়া যাচ্ছে না। প্রকৃত অভিভাবক পাওয়া না গেলে তাকে সেফ হোমে পাঠিয়ে দেওয়া হবে।’
কারা কর্তৃপক্ষ বিষয়টি জেলা সমাজসেবা অধিদপ্তরকে জানালে অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের লোকজন শিশুটির বাড়ির ঠিকানায় যোগাযোগ শুরু করেন। অপরাজেয় বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক পীযূষ দাশগুপ্ত বলেন, ‘শিশুটি সঠিকভাবে ঠিকানা বলতে পারছে না। তার পরও তার দেওয়া ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে।’
শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার উখিয়ার কোর্ট বাজার এলাকার মোক্তার আহমেদ নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিশুটি সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বললেও ওই স্কুলের প্রধান শিক্ষক তাকে চেনেন না। সোনারপাড়া এলাকায় নূর মোহাম্মদ নামের কোনো ব্যক্তি নেই। সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ কাশেম বলেন, ‘নূর মোহাম্মদের ছেলে মারুফ নামের কোনো ছাত্র নেই আমাদের স্কুলে।’
তিনি বলেন, শিশুটি রোহিঙ্গা বলে তাঁরা ধারণা করছেন। কারা সূত্র জানায়, মিরসরাই থানার পুলিশ একটি সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মারুফকে আদালতে হাজির করে। আদালত তাকে নিরাপদ হেফাজতে রাখার নির্দেশ দেন। গত ২৯ জানুয়ারি মারুফকে চট্টগ্রাম কারাগারে আনা হয়।
মিরসরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জিডিতে উল্লেখ করেন, মিরসরাই মহামায়া প্রকল্পের রাবার ড্যাম এলাকায় শিশুটি কান্নাকাটি করলে স্থানীয় লোকজন থানার পুলিশের কাছে নিয়ে যায়। শিশুটি সঠিকভাবে ঠিকানা বলতে পারছে না।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভুঁইয়া বলেন, শিশুটির দেওয়া তথ্যমতে উখিয়ায় যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি। শিশুটি মিরসরাই মহামায়া প্রকল্প এলাকায় কীভাবে এল, তা-ও জানা যায়নি। তাই জিডি করে শিশুটিকে আদালতে পাঠানো হয়।