শিশুটি ফিরে গেল বাবার কোলে
এক মাস পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ছেড়েছে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে যাওয়া সেই শিশুটি। গতকাল মঙ্গলবার ডিএনএ পরীক্ষা ছাড়া শিশুটিকে (পৌনে দুই বছর) তার বাবার কোলে তুলে দেওয়া হয়।
হাসপাতালের পক্ষে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা ও হাইওয়ে পুলিশের পক্ষে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ শিশুটিকে বাবা দাবিদার গোলাম মোস্তফা ওরফে গোলশানের কাছে বুঝিয়ে দেন।
এদিকে চিকিৎসকেরা শিশুটিকে পুরোপুরি সুস্থ দাবি করলেও হাসপাতাল ছাড়ার সময় সে পায়ে ভর দিয়ে হাঁটতে পারেনি। ডিএনএ পরীক্ষা ছাড়াই শিশুটিকে কথিত স্বজনদের হাতে তুলে দেওয়ার বিষয়ে মোস্তফা কামাল পাশা জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি করেছিল হাইওয়ে পুলিশ। তারা তদন্ত করে তার পরিচয় নিশ্চিত হয়েছে।এ ছাড়া গোলাম মোস্তফার হাতে শিশুটিকে তুলে দিতে আদালতও নির্দেশ দিয়েছেন।এত কিছুর পর ডিএনএ পরীক্ষার প্রয়োজন পড়েনি। এ ছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির পরিচয় নিশ্চিত করার কেউ না।
হাইওয়ে পুলিশ, বগুড়ার পুলিশ সুপার ইসরাইল হাওলাদার বলেন, গত ৫ জুলাই গোবিন্দগঞ্জে কাঁটাখালি সেতুসংলগ্ন হাওয়াখানা এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এতে ঘটনাস্থলে শিশুটির মা নিহত হন। বেঁচে যায় শিশুটি। পরে ওই দিনই শিশুটিকে নাম-পরিচয়হীন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ইসরাইল হাওলাদার আরও বলেন, ‘খোঁজখবর নিয়ে আমরা শিশুটির পরিচয় নিশ্চিত হই। এ ছাড়া গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও শিশুটি গোলাম মোস্তফার বলে প্রত্যয়ন দিয়েছেন।’