শিশুটি ফিরে পেল মায়ের কোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতানা বেগমের কোলে নবজাতকটি। গতকাল মৌলভীবাজার হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে তোলা ছবি l প্রথম আলো
সুলতানা বেগমের কোলে নবজাতকটি। গতকাল মৌলভীবাজার হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে তোলা ছবি l প্রথম আলো

কে বা কারা রাতে একটি প্রাচীরঘেরা স্থানে নবজাতকটিকে ফেলে গিয়েছিল। সকালবেলা এক দফা বৃষ্টি ধুয়ে গেছে নবজাতকটির শরীর। আরও কিছু সময় গেলে হয়তো পৃথিবীর সদ্য আলো দেখা এই ছেলে শিশুটি চির অন্ধকারেই ডুবে যেত। কিন্তু তার কান্না তাকে ফিরিয়ে দিয়েছে জীবনের নতুন আলো। ঘাস আর ধুলাবালু থেকে ফের সে ফিরে পেয়েছে নিরাপদ মায়ের কোল।

এই নবজাতকটি এখন সুলতানা বেগম (২৭) নামের এক নারীর কোলজুড়ে আলো ছড়াচ্ছে। সুলতানা বেগম তাঁর নিজের সন্তানকে দুধ খাওয়ানো বন্ধ রেখে নবজাতকটিকে বুকের দুধ পান করাচ্ছেন। পাঁচ দিন ধরে হাসপাতালে শিশুটিকে নিয়ে পড়ে আছেন তিনি।

গতকাল রোববার মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, সুলতানা বেগমের কোলে শুয়ে আছে ফুটফুটে শিশুটি। শিশুটি কখনো হাত-পা ছুড়ছে। কখনো চোখ খুলছে। কখনো হাইম ছেড়ে আবার ঘুমিয়ে পড়ছে। সুলতানা বেগমের পাশেই বসে তাঁর শিশুসন্তান ও ছোট বোন সাইরুন বেগম (২৫)। দুই বোন মিলে নবজাতকটিকে এই কদিন ধরে আগলে আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি গত বুধবারের মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার। সেদিন সুলতানা বেগমের স্বামী আহাদ মিয়া সকাল ছয়টার দিকে ফসলের মাঠে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার পাশের একটি প্রাচীর দেওয়া জায়গায় শিশুর কান্না শুনতে পান তিনি। এ রকম জনমানবহীন স্থানে শিশুর কান্না শুনে প্রথমে কিছুটা হকচকিয়ে যান। স্ত্রীকে ডেকে আনেন। পরে আরও লোকজন ছুটে আসেন। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়। মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহাম্মদ শিশুটিকে দেখাশোনার দায়িত্ব নেন। প্রথমে শিশুটিকে হাসপাতালের শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। সুস্থ ও নিরাপদ থাকায় গতকাল রোববার সাধারণ শিশু ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

সুলতানা বেগম গতকাল প্রথম আলোকে বলেন, ‘বাইচ্চা ফালাই থুইছে। ভাবলাম আল্লায় যখন বাইচ্চাটারে বাঁচাইলাইছে। আগে তারে বাঁচাই। পরে যা অয় (হয়) অইব। বাইচ্চাটারে নিয়া পয়লা (প্রথম) নাড়ি কাটি। গোছল করাই। শরীরে দুর্গন্ধ হইয়া গিয়াছিল। এরপর হাসপাতালে আইছি। এখনো আছি।’ তিনি আরও বলেন, তাঁর দুই বছরের শিশুটি এখনো বুকের দুধ পান করে। নবজাতকটিকে পাওয়ার পর থেকে তাঁর শিশুটিকে দুধ খাওয়ানো বন্ধ রেখেছেন। তাঁর শিশুটিকে ভাতসহ অন্যান্য খাবার খাওয়াচ্ছেন। হাসাপাতালের চিকিৎসকেরাও সময় সময় এসে শিশুটির দেখাশোনা করছেন। ওষুধ কিনে দিয়েছেন থানার ওসি। নিয়মিত খোঁজখবর রাখছেন মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রুমান আহমদ। নবজাতকটিকে নিতে অনেকেই আসছেন। কিন্তু সুলতানা বেগম চাইছেন নিজের কাছেই শিশুটিকে রেখে দিতে। তাঁর ছোট বোন সাইরুন বেগমের চার-পাঁচ বছর হয়েছে বিয়ের। এখনো সন্তান হয়নি। সাইরুন বেগম শিশুটিকে নিতে আগ্রহী। তাঁরা কাছাকাছি থাকেন। বোনের কাছে শিশুটি থাকলে তিনি (সুলতানা বেগম) নিজেও নিয়মিত দেখাশোনা করতে পারবেন। কিন্তু এখনো শিশুটি কে নেবে, এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

সুলতানা বেগমের ছোট বোন সাইরুন বেগম বলেন, ‘আমি বাইচ্চাটারে নিতাম চাইলাম। আমার স্বামীরও মত আছে।’

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক পার্থ সারথি দত্ত কানুনগো গতকাল প্রথম আলোকে বলেন, ‘শিশুটি এখন সম্পূর্ণ সুস্থ। অনেকেই শিশুটিকে নেওয়ার জন্য যোগাযোগ করছে। কিন্তু আমরা পুলিশের কাছে শিশুটিকে হস্তান্তর করব।’

ওসি বলেন, ‘নবজাতকটির চিকিৎসা, ভরণপোষণসহ যাবতীয় দায়িত্ব আমি নিয়েছি। কেউ দত্তক নিতে চাইলে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। তার আগ পর্যন্ত আমার দায়িত্বে থাকবে।’