শিশুটি শুধুই কাঁদছে

শিশুটির বয়স পাঁচ বছর। সে বাক প্রতিবন্ধী। শুধুই কান্নাকাটি করছে। শনিবার রাতে উদ্ধার হওয়া শিশুটি দারুস সালাম থানা হেফাজতে আছে।
পুলিশ বলছে, শিশুটিকে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হলেও অস্বাভাবিক আচরণের কারণে তাকে তারা রাখেনি।
শনিবার গভীর রাতে শিশুটি রাজধানীর দারুস সালাম থানার বড় বাজার এলাকা ঘোরাফেরা করতে থাকে। পরে এলাকাবাসী শিশুটিকে দারুস সালাম থানায় সোপর্দ করে। শিশুটিকে রোববার আদালতে পাঠানো হয়।
আদালত চত্বরে দেখা যায়, দারুস সালাম থানার এক নারী কনস্টেবল শিশুটিকে আদালতে নিয়ে যান। সারাক্ষণ শিশুটিকে কান্নাকাটি করতে দেখা যায়। একপর্যায়ে শিশুটিকে কাঁদতে কাঁদতে মাটিতেও গড়াগড়ি খেতেও দেখা যায়।
এ ব্যাপারে দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন আনসারী প্রথম আলোকে বলেন, শিশুটিকে নিয়ে বড় বিপদে আছি। তাঁকে কেউ নিতে চাইছে না। ভিকটিম সাপোর্ট সেন্টার রাখেনি। সমাজ সেবা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তাঁরা শিশুটিকে নিতে চাইছে না। শিশুটিকে আজ আদালতে পাঠিয়েছিলাম। আগামীকাল আবারও শিশুটিকে নিরাপদ হেফাজতে রাখার আদেশ চেয়ে আবেদন করা হবে।
পুলিশের এই কর্মকর্তা জানান, শিশুটির অভিভাবক খুঁজে পেতে দারুস সালাম থানার বড় বাজার এলাকায় মাইকিংও করা হয়েছে। অভিভাবককে খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির প্রথম আলোকে বলেন, শিশুটিকে নিরাপদে হেফাজতে রাখার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।