শিশুটিকে বাঁচানোর লড়াই চিকিৎসকদের
কুকুরের টানাহেঁচড়া থেকে উদ্ধার হওয়ার পর ক্ষতবিক্ষত শরীর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাঁচার লড়াই করছে নবজাতক মেয়েশিশুটি। চিকিৎসকেরা বলছেন, শিশুটি শঙ্কামুক্ত নয়। পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ চিকিৎসার প্রয়োজন। সেটি বেশ ব্যয়বহুল হতে পারে।
গত মঙ্গলবার দুপুরে রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় পুরোনো বিমানবন্দরের রানওয়ে মাঠের পাশে ঝোপের ভেতর থেকে পাওয়া যায় ফুটফুটে ওই মেয়েকে। জাহানারা বেগম নামে এক এলাকাবাসী উদ্ধার করে ওই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এখনো শিশুটির প্রকৃত মা-বাবার সন্ধান পাওয়া যায়নি।
শিশুটির চিকিৎসায় নবজাতক বিভাগের প্রধান আবিদ হোসেন মোল্লাকে প্রধান করে নয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বুধবার ওই বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির শরীর থেকে বেশ রক্তক্ষরণ হয়েছে। এ জন্য রক্ত দেওয়া হয়েছে। কুকুরের কামড়ে ওর মুখ ও নাকের বেশি ক্ষতি হয়েছে। ঠোঁটের ওপরের অংশে মাংস প্রায় নেই। সে জন্য ওকে খাবার দেওয়া যাচ্ছে না। স্যালাইন দিয়ে শিশুটির প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটানো হচ্ছে।
এ ছাড়া শিশুটির বাঁ-হাতের বুড়ো আঙুলসহ দুটি এবং ডান হাতের কড়ে আঙুলে বেশ আঘাত লেগেছে। তিনটি আঙুলে ব্যান্ডেজ করা হয়েছে।
গতকাল দুপুরে শিশুটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন ঢাকা মেডিকেলের নাক, কান, গলা বিভাগের অধ্যাপক আবু ইউসুফ ফকির। তিনি বলেন, শিশুটির নাকের ওপরের ক্ষত দূর করতে ওর কপালের ওপরের অংশের মাংস ও চামড়া দিয়ে প্লাস্টিক সার্জারি করাতে হবে।
নবজাতক বিভাগের প্রধান আবিদ হোসেন মোল্লা বলেন, রাস্তার কুকুর কামড় দিয়েছে শিশুটিকে। মানবদেহের সবচেয়ে বিপজ্জনক স্থান মস্তিষ্কের কাছে মুখ ও নাকে বেশি আঘাত লেগেছে। নাকের ওপরের অংশ প্রায় নেই বললেই চলে। এ অবস্থায় জলাতঙ্ক ও ধনুষ্টঙ্কারের মতো রোগ হওয়ার ঝুঁকি থাকে। তাই এসব রোগ প্রতিরোধে শিশুটিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমান ওকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়েছে।
চিকিৎসার খরচ ব্যয়বহুল হতে পারে জানিয়ে আবিদ হোসেন মোল্লা আরও বলেন, ‘আমরা আগে শিশুটিকে বাঁচানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত সব ধরনের খরচ হাসপাতাল কর্তৃপক্ষ দিয়েছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসকদের তহবিল থেকেও কিছু আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। অবশ্য শিশুটির প্লাস্টিক সার্জারি করানো হলে তা ব্যয়বহুল হবে। তবে এ ধরনের চিকিৎসা দেশেই সম্ভব।’
চিকিৎসা শেষে শিশুটিকে নিজেদের কাছে নিতে চান জাহানারা বেগম। তিনি বলেন, ‘আমি মেয়েটারে বাঁচাইছি। আমার পাঁচ ছেলেমেয়ে। আরেকটা বাড়লে ক্ষতি নাই। রিজিকের মালিক আল্লাহ।’
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার কাইয়ুমুজ্জমান বলেন, শিশুটি উদ্ধারের ঘটনায় কাফরুল থানায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিকেল পর্যন্ত শিশুটির মা-বাবার সন্ধান পাওয়া যায়নি।