শিশুটিকে সংশোধনাগারে পাঠানো হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পুরিয়া হেরোইনসহ আটক হওয়া শিশু তানজিলুর রহমান (৯) এখনো মেহেরপুর কারাগারে বন্দী আছে।
গত সোমবার মেহেরপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মহিবুল হাসানের আদালত শিশুটিকে যশোর শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। কারা কর্তৃপক্ষ বলছে, প্রশাসনিক জটিলতার কারণে সংশোধনাগারে পাঠানো যায়নি।
গত রোববার বিকেলে শিশুটি ব্যাগে দুই কেজি চাল নিয়ে বোনের বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে প্রতিবেশী জোকার নামের এক ব্যক্তি ওই ব্যাগে দুটি পুরিয়া দিয়ে তা রক নামে কেউ চাইলে দিয়ে দিতে বলেন। এর কিছুক্ষণ পরই বিজিবির সদস্যরা শিশুটিকে আটক করে ব্যাগ থেকে হেরোইন উদ্ধার করে।
ওই দিন সন্ধ্যায় বিজিবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শিশুটিকে থানায় সোপর্দ করে। শিশুটি গাংনীর কাথুলী ইউনিয়নের রংমহল গ্রামের শওকত আলীর ছেলে ও রংমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
মেহেরপুর জেলা কারাগারের উপাধ্যক্ষ এনায়েত উল্লাহ জানান, চিঠি তৈরি করে পুলিশ তলব ও প্রশাসনিক কাজ সম্পন্ন না হওয়ায় শিশুটিকে ওই দিনই সংশোধনাগারে পাঠানো যায়নি।