শিশুটির কি আর চিকিৎসা হবে না?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই ফুটফুটে শিশুটির কি আর চিকিৎসা হবে না? আমাদের অনেক পরিবারেই এ রকম ছয় বছরের শিশু ঘর আলো করে রাখে। আনন্দে মাতিয়ে রাখে পরিবারের সদস্যদের, প্রতিবেশী স্বজনদের। কিন্তু অনিক চন্দ্র ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। টাকার অভাবে তার ব্যয়বহুল চিকিৎসাও বন্ধ হওয়ার পথে।

অনিকের বাবা মৌলভীবাজারে একটি সেলুনে কাজ করেন। তাঁর বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মারোকোনা গ্রামে। ছেলের চিকিৎসার জন্য তার বাবা বসতবাড়ি বিক্রি করে দিয়েছেন। দীর্ঘদিন সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ও পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলে। এখন অসহায় বাবা-মায়ের বিক্রি করারও কিছু নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে ঢাকার এক চাকরিজীবী বাসব মৈত্র (০১৭৩২৪৬৫১৯৪) ও আরও দু-একজন অনিকের জন্য সাধ্যমতো করেছেন। কিন্তু কতটা করবেন তাঁরা?

একটু সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আবার ওসমানী মেডিকেলে ভর্তি করে কেমোথেরাপি দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হতে থাকে। অনিক এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ডের ৭ নম্বর বেডে মৃত্যুর সঙ্গে লড়ছে। সন্তানের জন্য মানুষ কী না করতে পারে! সর্বস্ব দিয়ে তাই ছেলের চিকিৎসা করিয়েছেন বাবা-মা। নিঃস্ব হয়ে এখন তাকিয়ে আছেন মানুষের সাহায্য-সহানুভূতির আশায়। কেননা মানুষের জন্য মানুষের ভালোবাসা তো অফুরান। অনিকের অসহায় বাবা-মা ছেলের চিকিৎসার সাহায্যের জন্য সহৃদয় মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: চিত্রা নন্দী, হিসাব নম্বর: ১১৬২১০৯০০১০০০৯। প্রাইম ব্যাংক, কোর্ট রোড শাখা, মৌলভীবাজার। বিকাশ নম্বর ০১৭২২০৮৯৮৫১ (ব্যক্তিগত)।