শিশু ইশতিয়াক জানে না কী তার অপরাধ। কেন তার দুই হাতের রক্তনালি কেটে ফেলা হয়েছে। মুমূর্ষু অবস্থায় শিশুটি জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ডেমরার কোনাপাড়ার চিশতিয়া রোডে নিজ বাড়িতে শিশুটি আঘাতপ্রাপ্ত হয়।
কারা, কেন ও কীভাবে এ ঘটনা ঘটিয়েছে তা জানেন না বলে জানিয়েছেন শিশুটির মা। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. ইলিয়াছ শরীফ ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় তার জ্ঞান ছিল না। অক্সিজেন দিয়ে তার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়। হাসপাতালের অস্ত্রোপচারকক্ষে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে। পরে তাকে অস্ত্রোপচারের জন্য জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিশু ইশতিয়াকের মা পারভীন আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, বেলা দেড়টার দিকে তিনি বাসার সামনের কক্ষে শুয়ে পড়েন। শিশু ইশতিয়াক (৪ বছর ৬ মাস) ছিল বাসার ভেতরের আরেকটি কক্ষে। একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। একটা সময় ইশতিয়াকের চিৎকার শুনে দেখেন, সে (ইশতিয়াক) একটি কাঁথা মোড়ানো। শরীর থেকে কাঁথা সরিয়ে দেখা যায়, ইশতিয়াকের দুই হাত বেয়ে রক্ত ঝরছে এবং গলার একটি স্থানে কাটা। তাঁর স্বামী ও অন্য দুই সন্তান বাইরে ছিল। পরে তাঁর ভাড়াটে আমির হোসেনের সহায়তায় তিনি ইশতিয়াককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হূদরোগ ইনস্টিটিউটে নেওয়ার সময় শিশু ইশতিয়াক সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুধু জানায়, ‘ভাইয়া কেটে দিছে’।
ইশতিয়াকের বাবা শাহ আলমের পেশা ঠিকাদারি। বিএনপির রাজনীতির সঙ্গেও তিনি যুক্ত। তিনি জানান, ঠিকাদারি ও রাজনীতির কাজে তিনি মাসের বেশির ভাগ সময় গ্রামের বাড়ি চাঁদপুরে থাকেন। খবর পেয়ে বিকেলে তিনি ঢাকায় এসেছেন। কারা, কেন ও কীভাবে এ ঘটনা ঘটিয়েছে তিনি বুঝে উঠতে পারছেন না বলে জানান।
গতকাল সন্ধ্যা সাতটায় যোগাযোগ করা হলে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক কাজী আবুল আজাদ প্রথম আলোকে বলেন, শিশুটির বাম হাতের কবজির রক্তনালি ও ধমনি এবং ডান হাতের রক্তনালি কেটে গেছে। তবে গলা কেটে গেলেও আঘাত গুরুতর নয়।
কাজী আবুল আজাদ আরও বলেন, হাসপাতালে আসার পর শিশুটিকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়া রক্তনালি ও ধমনি জোড়া লাগানো হয়েছে। তবে অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি প্রায় নিস্তেজ হয়ে পড়েছে। তার অবস্থা সংকটাপন্ন।