শিশুটির ঘুম আর ভাঙেনি
সাড়ে চার বছর বয়সী সবুজকে ঘরে ঘুম পাড়িয়ে পাশের বাড়িতে ইট ভাঙতে যান মা। শিশুটির সেই ঘুম আর ভাঙেনি। বসতঘরে আগুন লেগে মারা গেছে শিশুটি। গত শুক্রবার রাত আটটার দিকে শরীয়তপুর সদর উপজেলার উত্তর বালুচরা গ্রামে ঘটনাটি ঘটেছে।
গ্রামের কয়েকজন জানান, দরিদ্র রিকশাচালক জলিল মিয়া জীবিকার সন্ধানে শুক্রবার সকালে রিকশা নিয়ে বেরিয়ে যান। তাঁর স্ত্রী রোকসানা বেগম সন্ধ্যায় শিশুপুত্র সবুজকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে পাশের বাড়িতে ইট ভাঙার কাজে যান। রাত আটটার দিকে কুপি থেকে কাঠের তৈরি বসতঘরটিতে আগুন লেগে যায়। প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তখন ঘরের ভেতর ঘুমন্ত সবুজ দগ্ধ হতে থাকে। পরে শরীয়তপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে মৃত অবস্থায় সবুজকে উদ্ধার করেন।
রোকসানা বেগম আহাজারি করতে করতে বলেন, ‘আমার বুকের মানিককে তোমরা এনে দাও। সে এভাবে যে সারা জীবনের জন্য ঘুমিয়ে থাকবে আমি ভাবতেও পারিনি। আমার চোখের সামনেই ছেলেটি পুড়ে মরল, আমি কিছুই করতে পারিনি।’ শিশুটির বাবা জলিল মিয়া বলেন, ‘আমি দরিদ্র মানুষ, আমার একার আয়ে পাঁচ সদস্যের সংসার চলছিল না। তাই স্ত্রীও সংসারের কাজের ফাঁকে ইট ভাঙার কাজ করত। আমাদের অনুপস্থিতিতে এমন সর্বনাশ হবে চিন্তাও করিনি।’
ফায়ার সার্ভিস শরীয়তপুর স্টেশন কর্মকর্তা আবু ইউসুফ জানান, আগুন নিভিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।