শিশুটির ঠাঁই হলো ছোটমণি নিবাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক মাস চিকিৎসার পর আল-মামুনের ঠাঁই হলো সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাসে। অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পরিচালিত ‘হাসিমুখ’ স্কুল পরিচালনার সঙ্গে যুক্ত কয়েকজন তরুণ গত ১১ মার্চ পরীবাগের ফুটপাতে কুড়িয়ে পান শিশুটিকে। ফুটপাত থেকে শিশুটিকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। তাঁরাই ভর্তির সময় আনুমানিক দুই মাস বয়সী শিশুটির নাম রাখেন আল-মামুন।
গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে আনুষ্ঠানিকতার মাধ্যমে আল-মামুনকে ছোটমণি নিবাস কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবিদ হোসেন মোল্লা, হাসপাতালের সহকারী পরিচালক খাজা আবদুল গফুর, হাসপাতালের সমাজকল্যাণ বিভাগের সমাজসেবা কর্মকর্তা অলিভিয়া পারভীন। ছোটমণি নিবাসের উপতত্ত্বাবধায়ক বিলকিস আক্তার শিশুটিকে গ্রহণ করেন। এ সময় হাসিমুখ স্কুলের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
অধ্যাপক আবিদ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, হাসপাতালে ভর্তির সময় আল-মামুনের ওজন ছিল মাত্র দুই কেজি। শ্বাসকষ্ট, পাতলা পায়খানা, পানিশূন্যতা, ঠান্ডা, পুষ্টিহীনতা, সংক্রমণ, জন্মগতভাবে অণ্ডকোষে ত্রুটিসহ বিভিন্ন জটিলতা ছিল। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও কম ছিল। প্রায় এক মাস চিকিৎসার পর ওর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে। ওজন হয়েছে সাড়ে তিন কেজি। ওর জন্য ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় পথ্য দিয়ে দেওয়া হয়েছে।