শিশুটির ঠাঁই হলো পুনর্বাসন কেন্দ্রে
হালকা পাতলা গড়নের শিশুটি কথা বলতে পারে না। বয়স ছয় থেকে সাত বছর হবে। পরনে লাল ডোরাকাটা স্যান্ডো গেঞ্জি। অনেক চেষ্টা করেও শিশুটির নাম জানতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, শিশুটি বোবা। শিশুটিকে আজ রোববার ঢাকার শিশু আদালতে তোলা হয়। পরে আদালত শিশুটিকে টঙ্গীর শেখ রাসেল ঝুঁকিপূর্ণ পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
শিশু আদালতের পেশকার এনামুল হক মিয়া প্রথম আলোকে বলেন, ছেলেটির নাম-ঠিকানা নেই। আদালত তাকে টঙ্গীর ঝুঁকিপূর্ণ পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়েছেন। গত শুক্রবার শিশুটিকে শেরে বাংলা নগর বিশ্ববিদ্যালয় গেটে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তাঁকে শেরে বাংলা নগর থানায় সোপর্দ করা হয়।
শিশুটিকে আদালতে পাঠান শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। তিনি প্রথম আলোকে বলেন, অনেক চেষ্টা করেছি শিশুটির নাম-ঠিকানা বের করার জন্য। কিন্তু শিশুটি কথা বলেনি। ধারণা করছি, শিশুটি কথা বলতে পারে না। শিশুটির কথা ভাবলে খুব খারাপ লাগে।