শিশুটির ঠাঁই হলো চেয়ারম্যানের কোলে
রাতভর শিশুটি চাতালে পড়েছিল। ভূমিষ্ঠ হওয়ার পরপরই নবজাতককে ফেলে রেখে যায় কেউ। সকালে তাকে কোলে তুলে নিতে এগিয়ে আসেন অনেকে। সন্তানের মতো লালন করতে চেয়েছেন তাঁরা। শেষ পর্যন্ত শিশুটির ঠাঁই হয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিনের কোলে।গতকাল শনিবার সকালে শৈলকুপা শহরের হাবিবপুর এলাকার একটি চাতালের কাছে শিশুটিকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এখানে কীভাবে এল বা কে ফেলে রেখে গেল শিশুটিকে, তার কোনো হদিস পাওয়া যায়নি। রাতে ফেলে রেখে গেলেও শিশুটি ছিল অক্ষত। সবার ধারণা, রাতে ভূমিষ্ঠ হওয়ার পর কেউ হয়তো ফেলে রেখে গেছে। শৈলকুপা থানার উপপরিদর্শক (এসআই) রানা আহম্মদ জানান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন শিশুটিকে লালন-পালনের দায়িত্ব নিতে চাইলে তাঁর কোলে তুলে দেওয়া হয়েছে। ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিনের (৩৮) ছেলেমেয়ে নেই। তিনি জানান, আজ থেকে শিশুটি তাঁর সন্তান।