শিশুটির দিন কাটছে দুঃসহ যন্ত্রণায়
শিশুটির বয়স ১২ বছর। রংপুরের বদরগঞ্জ পৌর এলাকার একটি বিদ্যালয়ে গত জানুয়ারিতে সে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। এখনো সবকিছু বুঝে ওঠার বয়স হয়নি তার। এরই মধ্যে পৌর এলাকার এক ব্যক্তির (৪৬) ধর্ষণের শিকার হয়ে সে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ অবস্থায় দুঃসহ যন্ত্রণায় দিন কাটছে তার।
এ ঘটনায় গত ২২ মার্চ শিশুটির বাবা ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন। তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে ওই শিশুর বাবা গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যক্তির পরিবার মামলা তুলে নিতে ভয়ভীতি দেখাচ্ছে। মামলা তুলে নেওয়া না হলে অন্য মামলায় তাঁদের ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে।’
ওই শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২২ মার্চ রাত সাড়ে ১১টার দিকে মা-বাবা শিশুটিকে সঙ্গে নিয়ে থানায় যান। এ সময় শিশুটি ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে যন্ত্রণায় চেয়ারে বসে থাকতে পারছিল না। এ সময় শিশুটির সঙ্গে কথা বলেন, থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম। সব শুনে তিনি সঙ্গে সঙ্গে থানার উপপরিদর্শক (এসআই) আলফাজ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল পাঠিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় আনেন। রাতেই শিশুর বাবা বাদী হয়ে ওই ব্যক্তিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির বাড়ির সামনে দিয়ে শিশুটি প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া-আসা করে। গত বছরের আগস্টের শেষের দিকে একদিন বিদ্যালয়ে যাওয়ার সময় শিশুটিকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যান ওই ব্যক্তি। পরে তিনি তাকে ধর্ষণ করেন। এরপর আরও দুদিন ওই ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করেন।
শিশুটির মা অভিযোগ করে বলেন, ‘কিছুদিন ধরে মেয়ের শরীরের অস্বাভাবিকতা খেয়াল করি। ভেবেছিলাম সে হয়তো পেটের কোনো অসুখে ভুগছে। ২২ মার্চ দুপুরে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকেরা আল্ট্রাসনোগ্রাম করলে ধরা পড়ে সে ছয় মাস ১২ দিনের অন্তঃসত্ত্বা। এরপর বাড়িতে এনে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ওই ব্যক্তি তাকে ধর্ষণ করেছেন।’
তবে ২৩ মার্চ সকালে থানাহাজতে থাকা অবস্থায় ওই ব্যক্তি বলেছিলেন, ‘আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ঘটনায় ফাঁসানো হয়েছে।’
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান গতকাল সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার হওয়ার পর ওই দিনই (২২ মার্চ) অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ওই ব্যক্তি এখনো কারাবন্দী রয়েছেন। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।