শিশুটির দেখাশোনার দায়িত্বে নারী কারারক্ষী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিরাপদ হেফাজতি হিসেবে থাকা শিশু মোহাম্মদ রিদুয়ানের পিতৃত্ব নির্ণয়ের ডিএনএ পরীক্ষার প্রয়োজনীয় ফি আগামী রোববারের মধ্যে জমা দিতে বলা হয়েছে। এরপর বাবা দাবিদার দুই ব্যক্তিসহ তাদের স্ত্রীর ডিএনএ পরীক্ষা হবে।
এদিকে কারাগারে একা থাকা শিশু মোহাম্মদ রিদুয়ানের দেখভাল করার জন্য একজন নারী কারারক্ষীকে দায়িত্ব দিয়েছে কারা কতৃর্পক্ষ। অপরদিকে গতকাল দিনভর এনজিওসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার লোকজন কারাগারে ফোন করে শিশুটির খোঁজখবর নেন বলে জানা গেছে।
‘বাবা দাবিদার দুজন, কারাগারে শিশুটি’ শিরোনামে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, কারাগারে শিশুটির দেখভাল করার জন্য একজন নারী কারারক্ষীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কারণ অন্য শিশুর সঙ্গে মা থাকলেও রিদুয়ান একা। ডিএনএ পরীক্ষার জন্য তাকে আদালতের নির্দেশে চট্টগ্রাম কারাগারে আলাদাভাবে রাখা হয়েছে। নইলে নগরের রৌফাবাদে শিশু পরিবারে নিরাপদ হেফাজত কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হতো।