শিশুটির নাম রাখা হলো প্রাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্দমায় পড়ে থাকা শিশুটির চিৎকার শুনে অনেকে সেখানে ছুটে যায়। নবজাতকটিকে এভাবে দেখে অনেকের মন কেঁদে ওঠে। পরে শিশুটিকে বুকে তুলে নেন মমতাজ আলী নামের এক ব্যক্তি। নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার বাঁশবাড়ী সাদরা লেনে গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কে বা কারা পলিথিনে মোড়া ওই সদ্যোজাত শিশুটিকে সাদরা লেনের রেলওয়ের নর্দমায় ফেলে যায়। নবজাতকটি কাঁদতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে বহু নারী-পুরুষ ভিড় করে। একপর্যায়ে ভিড় ঠেলে নর্দমার পাশের বাসিন্দা মমতাজ শিশুটিকে বুকে তুলে নেন।
সৈয়দপুর থানায় খবর দেওয়া হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ওই শিশুর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের চিকিৎসকেরা তাকে সুস্থ ঘোষণা করেন। এ সময় পুলিশ ওই শিশুটিকে মমতাজ আলীর কোলে তুলে দেন। পরে উপস্থিত সবাই মিলে শিশুটির নাম রাখেন প্রাপ্তি।
সৈয়দপুর রেলওয়ে হাসপাতালের বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা খায়রুল বাশার জানান, শিশুটি আজ (বুধবার) সকালের কোনো এক সময় জন্ম নিয়েছে। সে ভালো আছে।
মমতাজ বলেন, ‘আমার খুব ভালো লাগছে ওকে পেয়ে। এখন থেকে আমিই ওর বাবা। শিশুটিকে আমার স্ত্রীর কোলে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তার কান্না থেমে যায়; যা আমাকে বেশ অবাক করেছে।’
সৈয়দপুর পৌর ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রাপ্তি আমাদের সন্তান। আমরা মহল্লার সব অভিভাবকই ওর বাবা-মা।’
ওসি মো. ইসমাইল হোসেন জানান, আইনি পদক্ষেপ হিসেবে এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মানবিক বিবেচনায় শিশুটিকে মমতাজের কাছে দত্তক দেওয়া হয়েছে।