শিশুটির ভালো চোখেই অস্ত্রোপচার?
পাঁচ বছর বয়সী সোহানা। বাম চোখে আঘাত পাওয়ায় তাকে রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করে পরিবার। এখন মেয়ের দুই চোখ নিয়েই আতঙ্কে আছে পরিবারটি। পরিবারের অভিযোগ, হাসপাতালের চিকিৎসকেরা সোহানার বাম চোখের জায়গায় ডান চোখের চিকিৎসা করেছেন। তাঁরা ভালো চোখটিতেই করেছেন অস্ত্রোপচার।
এমন অভিযোগের পর আজ বুধবার তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে ডান চোখে অস্ত্রোপচারের অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, সোহানার ডান চোখের অবস্থাও খারাপ ছিল। তাই শুধু ইনজেকশন দেওয়া হয়েছে।
সোহানার মা রোকিয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়ে বাম চোখে ব্যথা পাইছিল। অপারেশন করানোর লেইগ্যা মেয়েরে নিয়া যায়। আগের দিন থেইক্যা খাওন বন্ধ রাখতে কয়। অপারেশনের তিন ঘণ্টা পর মেয়েরে ওয়ার্ডে নিয়া আসে। আনার পর দেখি মেয়ের ডান চোখে ব্যান্ডেজ বান্ধা। ডাক্তাররে জানাইলে তাড়াতাড়ি ওরে নিতে কয়। নেওয়ার পরে ডাক্তার খাবলাইয়্যা ব্যান্ডেজ খুইল্যা কইছে, ভুল কইরা ব্যান্ডেজ বানছে। আমার মেয়ের ডান চোখের মইধ্যে রক্ত জইম্যা রইছে। ব্যথা পাইতাছে। আর বাম চোখে ও তো আগে থেইক্যাই দেখে না।’
রোকিয়া বলেন, ‘দু-একজন সাংবাদিক ঘটনা জানছে বইল্যা আজকেই মেয়েকে ছুটি দিয়া দিতে চাইছিল। হাসপাতাল থেইকা বলছে আবার ২১ দিন পরে আইস্যা বাম চোখে অপারেশন করাইতে। আমরা ক্যান সাংবাদিকের সঙ্গে কথা বলছি, তার লেইগ্যাও বকা দিছে।’
সোহানার চিকিৎসা করছেন হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফরহাদ হোসেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘সোহানার বাম চোখে ছানি পড়ে গেছে। অপারেশন থিয়েটারে নিয়ে ওকে অজ্ঞান করার পর দেখি ওর ডান চোখের অবস্থা খুব খারাপ। কোনো চোখে আঘাত পেলে ৯০ দিনের মধ্যে আরেক চোখও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ওর ডান চোখেও স্টেরয়েড ইনজেকশন দিই। বাম চোখেও ইনজেকশন দিয়েছি। ২১ দিন পর অস্ত্রোপচার হবে। এখন সোহানার কোনো চোখেই অস্ত্রোপচার করা হয়নি। অথচ ওর বাবা-মা ভাবছেন, ওর চোখে অস্ত্রোপচার করেছি।’
ফরহাদ দাবি করেন, অস্ত্রোপচার কক্ষ থেকে বের হয়ে ডান চোখে ইনজেকশন দেওয়ার বিষয়টি সোহানার পরিবারকে জানানো হয়নি। এ কারণে পরিবার ভুল বুঝছে।
সোহানার মা রোকিয়া বলেন, চিকিৎসক-নার্স একেকজন একেক কথা বলছেন। কেউ বলছেন অস্ত্রোপচার, আবার কেউ বলছেন ইনজেকশন। আসলে তাঁর মেয়ের যে কী করা হয়েছে, তা কেউ স্পষ্ট করে বলছেন না।
আজ বেলা ১১টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, কালো চশমা চোখে দিয়ে বিছানায় বসে আছে সোহানা। একটু পরপর চশমা খুলে ফেলছে। কোন চোখে ব্যথা—জানতে চাইলে সে ইশারায় ডান চোখ দেখায়। সোহানার বিছানার পাশে পাহারায় ছিলেন আনসারের এক সদস্য। সোহানার পরিবারের দাবি, সাংবাদিকেরা যাতে সোহানার সঙ্গে কথা না বলতে পারে, এ জন্য একজন আনসার সার্বক্ষণিকভাবে বিছানার পাশে দায়িত্ব পালন করেন।
হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘রোগীর ডান চোখেও যে কিছু করা হচ্ছে, তা তার অভিভাবককে জানানো অবশ্যই প্রয়োজন ছিল। তবে রোগীর চাপে সব সময় রোগীর অভিভাবককে কাউন্সেলিং করা সম্ভব হয় না।’
পরিচালক বলেন, সোহানার চিকিৎসা জটিলতার কারণ জানতে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।
সোহানার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। পাঁচ ভাই-বোনের মধ্যে সে সবার ছোট। স্থানীয় একটি বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ে সে। বাবা নজু মিয়া করেন কৃষিকাজ। হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘জানি না আমার মেয়ের চোখ ভালো অইব কিনা?’