শিশুটির রাত কাটল থানায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুটির বয়স মাত্র ১০ বছর। গত সোমবার রাতটি তার কেটেছে ময়মনসিংহের নান্দাইল মডেল থানায়। তার বিরুদ্ধে অভিযোগ ধর্ষণের। তবে শিশুটির পরিবার বলছে, গ্রাম্য বিরোধের জের ধরে এই অভিযোগ আনা হয়েছে।
শিশুটি নান্দাইল উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং চতুর্থ শ্রেণিতে পড়ে। ধর্ষণের অভিযোগে পুলিশ সোমবার দুপুরে তাকে থানায় নিয়ে যায়। ওই রাতে তাকে থানার কর্তব্যরত কর্মকর্তার (ডিউটি অফিসার) কক্ষে রাখা হয়। গতকাল মঙ্গলবার তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, এলাকার এক নারী তাঁর ছয় বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ১০ বছর বয়সী ওই ছেলেশিশুটিকে থানায় নেওয়া হয়। বয়স বিবেচনায় তাকে হাজতে না রেখে ডিউটি অফিসারের কক্ষে রাতে রাখা হয়।
গতকাল শিশুটি জানায়, গত শনিবার দুপুরে স্কুল থেকে ফিরে বাড়িতে বই রেখে গ্রামে ঘুরতে বের হয়। এরপর প্রতিবেশী এক কিশোর তাকে মারধর করে তাদের বাড়িতে নিয়ে আটকে রাখে। পরে পরিবারের লোকজন এসে তাকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনার দুই দিন পর সোমবার দুপুরে পুলিশ তাকে ধরে থানায় নিয়ে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে এটি থানা। তাকে কেন থানায় নিয়ে যাওয়া হয়েছিল, তাও সে জানত না। থানায় নেওয়ার পর তাকে বলা হয়, সে নাকি কী খারাপ কাজ করেছে!
শিশুটির বাবা বলেন, গ্রাম্য বিরোধের কারণে তাঁর সন্তানকে থানায় নিয়ে তাঁদের হয়রানি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও একই তথ্য দিয়েছেন।
গতকাল থানার ভেতরে কথা হয় অভিযোগ দেওয়া ওই নারীর সঙ্গে। তিনি বলেন, ছেলেশিশুটির পরিবারের সঙ্গে তাঁর বিরোধ চলছে। বিভিন্ন সময় ঝগড়া-ফ্যাসাদে ওই শিশুর মা-বাবা ও অন্যরা তাঁকে মারধর করতেন। এসব ঘটনায় এলাকায় বিচার চেয়েও পাননি। ওই বিরোধের সঙ্গে ধর্ষণের কী সম্পর্ক রয়েছে—
এমন প্রশ্নে ওই নারী নিরুত্তর থাকেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী বলেন, শিশুটিকে থানায় দেখার পরই তাঁর সন্দেহ হয়। তখন কন্যাশিশুটির মায়ের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি অসংলগ্ন মনে হয়। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে শিশুটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে থানার পুলিশও বিব্রত।