শিশুটির লাশ মিলল অপহরণের চার দিন পর
অপহরণের চার দিন পর গত বুধবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আলাউদ্দিনের (১০) লাশ খুঁজে পেয়েছে তার স্বজনেরা। নিজ বাড়ির পাশে একটি ঝোপে মাটিচাপা অবস্থায় লাশটি পাওয়া যায়।ওই দিনই আলাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত আলাউদ্দিনের বাবা জয়পুর গ্রামের আবদুস সালাম একই গ্রামের তোফায়েল (২২), রিপন (২২), রাসেল (২২) ও আল আমীনকে (২২) অভিযুক্ত করে বুধবার রাতেই দেবীদ্বার থানায় মামলা করেছেন।পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত ৩০ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে বেরিয়ে যাওয়ার পর আলাউদ্দিন আর বাড়ি ফেরেনি। রোববার বিকেলে আলাউদ্দিনের মা কুলসুম বেগমের কাছে ০১৭২৮-৪২১০৩৮৭ নম্বর মোবাইল ফোন থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু কখন, কোথায়, কীভাবে টাকা দেওয়া হবে, তা পরে জানানোর কথা থাকলেও জানানো হয়নি। মোবাইল ফোনের নম্বরের সূত্র ধরে পুলিশ আসানপুর গ্রামের বিল্লাল হোসেন নামের এক যুবককে বুধবার রাতেই আটক করে। তবে বিল্লাল মোবাইলের সংযোগটি তার নয় বলে দাবি করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন জানান, নিষ্ঠুর এবং নির্মম এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। খুব শিগগির তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শান্তির ব্যবস্থা করা হবে।