শিশুটির শিকল খুলে দিয়েছে মহিলা আইনজীবী সমিতি

রাজশাহীর বাঘায় শিকলে বেঁধে রাখা শিশু ডলারকে মুক্ত করা হয়েছে। গতকাল বিকেলে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী দিল সেতারা এই উদ্যোগ নেন।
শিশুটির মা নার্গিস পারভিন জানান, গত বৃহস্পতিবার বিকেলে তিনি থানায় গিয়ে অভিযোগ করেছিলেন। পুলিশ বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলীকে ফোন করে শিশুটিকে উদ্ধারের দায়িত্ব দেন।
আশরাফ বলেন, তিনি রাতে স্থানীয় একজন ইউপি সদস্যকে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তিনি সেখানে যেতে সাহস করেননি। গতকাল দুুপুরে তিনি নিজেই গিয়েছিলেন। তখন ডলারের বাবা বাসায় না থাকায় তিনি শিশুটিকে উদ্ধার করতে পারেননি।
দিল সেতারা বলেন, গতকাল বিকেলে পীরগাছা গ্রামে কালু প্রামাণিকের বাড়িতে গিয়ে দেখেন শিশুটিকে চোকির একটা পায়ার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তিনি ফোন করলে পুলিশ জাহিদুল ইসলাম নামের একজন স্থানীয় আওয়ামী লীগ নেতাকে দায়িত্ব দেন। তিনি শিশুটির বাবাকে বোঝান যে এটা মানবাধিকার লঙ্ঘন। তখন তিনি শিশুটির বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন।
দিল সেতারা তখন শিশুটির নামে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করতে বললে তিনি ছেলের পায়ের শিকল খুলে দেন। তিনি কালু প্রামাণিকের কাছ থেকে একটি লিখিত অঙ্গীকারনামা নেন। যাতে তিনি বলেছেন, আর কখনো ছেলেকে শিকলে বেঁধে রাখবেন না।