‘আমরা সবাই কি মালিকের ছোট শিশুটির ভালো চাই?’ ১০ বছরের গৃহকর্মী রুপালির প্রশ্নে হল-ভর্তি হাজারো শিশু হাত উঁচিয়ে বলে ওঠে—‘চাই চাই, ভালো চাই।’ ‘তাহলে আমরা তাদের কাছে আমাদের নিরাপত্তার দাবি জানাতেই পারি, নাকি?’ আবারও এক সঙ্গে বলে ওঠে- ‘হ্যাঁ, পারি।’ গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো গৃহকর্মী শিশুদের জাতীয় সম্মেলনে ছোট ছোট আহ্বান আর বড় স্বপ্ন নিয়ে এক হাজার গৃহকর্মী শিশু নিজেদের অধিকারের দাবি জানায়। ওসমানী স্মৃতি মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র (আসক), শ্রমজীবী শিশুদের সঙ্গে আমরা এবং সেভ দ্য চিলড্রেনের (সুইডেন-ডেনমার্ক) যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। গতকাল সমাপনী সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী। শিশুদের নিয়োগকর্তাদের জন্য আচরণবিধি তৈরির যে দাবি, এ প্রসঙ্গে তিনি বলেন, শিশুনীতি-১৯৯৪ যুগোপযোগী করে তৈরির কাজ প্রায় শেষ। সেখানে এই দাবি অন্তর্ভুক্ত করতে চেষ্টা করার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে ‘গৃহে আবদ্ধ ও আইনের আওতার বহির্ভূত গৃহকাজে নিয়োজিত শিশু শ্রমিক: সরকার ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক একটি গবেষণাপত্রও উপস্থাপন করেন আয়োজকেরা। আয়োজক সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল গতকালের সম্মেলন শেষে যে ঘোষণা তৈরি করা হবে তা বাস্তবায়নের অঙ্গীকার করেন। তিনি বলেন, নিজের শিশুটির মুখের দিকে তাকালেই গৃহকর্মী শিশুটির প্রতিচ্ছবি দেখতে পাওয়ার কথা। প্রতিটি শিশুর নাগরিক মর্যাদা পাওয়ার, শঙ্কামুক্ত জীবনযাপনের অধিকার আছে।সম্মেলন উদ্বোধনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ইলিয়াস আহমেদ বলেন, গৃহের অভ্যন্তরে গৃহকর্ত্রীর হাতে গৃহকর্মী শিশুদের নির্যাতনের শিকার হওয়া বন্ধ করতে সচেতনতা বাড়াতে হবে। এর আগে অনুষ্ঠানে গবেষণাপত্রের মূল বিষয়গুলো তুলে ধরেন সেভ দ্য চিলড্রেনের (সুইডেন-ডেনমার্ক) প্রকল্প সমন্বয়ক শাহিদা বেগম। তিনি বলেন, দেশে শিশুশ্রমিকের ৯৩ শতাংশই গৃহকর্মে নিয়োজিত। এর মধ্যে ৮০ শতাংশ মেয়েশিশু। এই বিশালসংখ্যক শিশুর অধিকার রক্ষায় কোনো আইন নেই। গৃহে কর্মরত এই শিশুদের ৩৬ শতাংশ নয় থেকে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর নিলস বেঞ্জেন পেডারসন, ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক রতন সরকার ও সেভ দ্য চিলড্রেনের (সুইডেন-ডেনমার্ক) পক্ষে উপস্থিত ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শামসুল আলম।