শিশুদের অধিকার রক্ষায় নাটক ‘বেমিল’
‘ও শিশু। ওকে ফাঁসি দিয়ো না...। ও শিশু...। ওকে মেরো না।’মঞ্চের ভেতর থেকে এমনই এক করুণ আর্তনাদ। ফাঁসির কাষ্ঠে শিশু। তার কী হবে? পুলিশের কর্মকর্তা যে শিশুকে ধরে এনেছেন, তাকে বেদম প্রহার করছেন।তিনি জানেন না শিশুদের প্রহার করা যায় কি না?স্কুলশিক্ষক যখন শিশুদের বেত্রাঘাত করেন, তখন কে তাদের নিষেধ করবে?কে তাদের বলবে? কে তাদের বোঝাবে?এসব প্রশ্ন রেখে মঞ্চস্থ হলো নাটক বেমিল। গতকাল বুধবার সকালে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় এ নাটক। এই নাট্য আয়োজন করে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন, প্ল্যান বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন (অস্ট্রেলিয়া)। দর্শক হিসেবে উপস্থিত ছিল ঢাকা বিভাগের ১২টি জেলার অনেক শিশু।নাটকে যখন শিশুদের ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানানো হয়, তখন মিলনায়তনে উপস্থিত শিশুরা করতালিতে ফেটে পড়ে। আবার যখন নাটকের কোনো এক শিশু চরিত্র চিত্কার করে কেঁদে ওঠে, তখন দর্শক গ্যালারিতে আসন নেওয়া শিশুরা দীর্ঘশ্বাস ফেলতে থাকে। যখন নাটকে দেখানো হয় সরকারি হাসপাতালের ডাক্তাররা শিশু-কিশোরদের চিকিত্সা দেয় না, কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেয় টাকার বিনিময়ে, তখন উপস্থিত শিশুদের কেউ কেউ বলে ওঠে, ডাক্তার চাচ্চুরা এমন করেন কেন? এমনই আরও অনেক প্রশ্ন তুলে ধরা হয় বেমিল নাটকে। আয়োজকেরা জানান, জাতিসংঘ বাংলাদেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য কিছু চুক্তি করেছে। সেই সব চুক্তিতে কী আছে, সেগুলো মানা হচ্ছে কি না—এসব নিয়েই নাটক তৈরি করা হয়েছে।আয়োজকদের মধ্যে প্রকল্প কর্মকর্তা মীর্জা শাহ জামাল বলেন, ‘আমরা আসলে জাতিসংঘ শিশু সনদের বিষয়গুলো ছড়িয়ে দিতেই এমন আয়োজন করেছি। জনসচেতনতা বাড়লে আস্তে আস্তে সবাই শিশুদের অধিকার রক্ষায় সচেষ্ট হবে। সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলো আরও বেশি দায়িত্ববান হবে এবং শিশুদের প্রতি সদয় হবে।’অলক্ত সাহিত্য পুরস্কার প্রদানজাতীয় ভিত্তিতে সাহিত্য ক্ষেত্রে গবেষণা, মৌলিক সৃজনশীল পরিশীলিত বা আদর্শবাদী প্রবণতা অথবা অভিনব নির্মিত জীবনবাদী সাহিত্যকর্মের জন্য প্রতিবছর অলক্ত সাহিত্য পুরস্কার দেওয়া হয়। গতকাল বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে অলক্ত সাহিত্য পুরস্কার ২০০৭ ও ২০০৮ প্রদান করা হয়। অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে ওই দুই বছরের জন্য গবেষণায় মুনতাসীর মামুন, কথাসাহিত্যে আবদুশ শাকুর, প্রবন্ধে শামসুজ্জামান খান এবং কবিতায় রফিক আজাদকে এ পুরস্কার দেওয়া হয়। অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর বাসভবনে এই পুরস্কার প্রদানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদত্ত পুরস্কারের মধ্যে রয়েছে একটি করে স্বর্ণপদক, অর্থ সম্মানী ও পরিষদের সনদ।ক্রান্তি পদক প্রদানসংগীত পরিবেশনা, আলোচনা ও পদক প্রদানের মধ্য দিয়ে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল ক্রান্তি শিল্পী গোষ্ঠী। গতকাল প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর প্রয়াত কণ্ঠশিল্পী প্রবাল চৌধুরীকে মরণোত্তর ক্রান্তি পদক প্রদান করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান উপলক্ষে জাতীয় শিল্পকলা একাডেমীর নৃত্যকলা সংগীত মিলনায়তনে গতকাল আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। মাহবুবুল হায়দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সচিব এম মোকাম্মেল হক, কবি আসাদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ ও কল্যাণী ঘোষ। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন ক্রান্তির শিল্পীরা।