শিশুদের অরক্ষিত রেখে চলে যান নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ, র‌্যাব ও বিজিবির সম্মিলিত বাহিনী মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের অবস্থানে অভিযান চালায় গত রোববার দিবাগত রাত আড়াইটায়। হেফাজতে ইসলামের শীর্ষস্থানীয় নেতারা এ সময় অবস্থান কর্মসূচিতে ছিলেন না। তাঁরা অভিযানের আগে কিংবা পরপরই তাঁদের হাজার হাজার কর্মীকে ফেলে রেখে দ্রুত অবস্থানস্থল ত্যাগ করেন। এমনকি বিভিন্ন মাদ্রাসা থেকে আসা ‘বড় হুজুর’রা (মাদ্রাসার প্রধান শিক্ষক) তাঁদের সঙ্গে নিয়ে আসা হাজার হাজার শিশু মাদ্রাসাছাত্রকে অরক্ষিত রেখে মতিঝিল এলাকা ছেড়ে যান। ছাত্রদের বেশির ভাগই ছিল আহত। অবস্থানে অংশ নেওয়া শত শত শিশুকে অচেনা শহরের মতিঝিল ও তার আশপাশের গলিতে রক্তমাখা শরীরে দিগিবদিক ছুটে বেড়াতে দেখা গেছে। তাদের চোখে-মুখে ছিল আতঙ্ক। শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই শিশুদের নিরাপদে অবস্থান ত্যাগ করতে সাহায্য করেছেন। সোমবার ভোরে সরেজমিনে মতিঝিল এলাকায় এসব চিত্র দেখা গেছে। বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী, যুগ্ম আহ্বায়ক আবদুর রব ইউসুফী, নায়েবে আমির আবদুল লতিফ নেজামী, মামুনুল হক, শাহিনুর পাশা প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন। রাত আড়াইটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নামার মাত্র কয়েক মিনিট আগেও হেফাজতের সমাবেশ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলা হয়েছে, তাদের ১০ হাজার শহীদি জনতা আছে। তারা শহীদ হতে প্রস্তুত। অথচ অভিযানের মাত্র ১০ মিনিটের মাথায় শীর্ষস্থানীয় নেতারা অবস্থান থেকে হাওয়া হয়ে যান। সাধারণ কর্মীদের প্রতিরোধ আধঘণ্টার বেশি টেকেনি। এ সময় কখনো ঢাকায় না আসা কর্মী এবং শিশুদের বেশির ভাগই মতিঝিলের বিভিন্ন ভবনে আশ্রয় নেয়। রাত তিনটার দিকে টয়োটা ভবনের সামনে হেফাজতের দুজন কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁদের মধ্যে জহির উদ্দিনের বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। বয়স ১৬-১৭। সে জানাল, এর আগে সে কখনো ঢাকায় আসেনি। মাদ্রাসা কর্তৃপক্ষের নির্দেশে হেফাজতের সমাবেশে এসেছে। তার সঙ্গে মুরব্বি যাঁরা ছিলেন, তাঁরা সবাই তাকে ফেলে পালিয়ে গেছেন। পুলিশ-র‌্যাবের অভিযানে হেফাজতের কয়েক শ কর্মী সোনালী ব্যাংকের কেন্দ্রীয় অফিসের পেছনের দিকের একতলার বর্ধিত অংশের ছাদে আশ্রয় নেয়। পুলিশ সদস্যরা সারিবদ্ধভাবে দুই পাশে দাঁড়িয়ে তাঁদের বের হয়ে আসার সুযোগ করে দিয়েছেন। হেফাজতের কর্মীরা তাঁদের মাদ্রাসাশিক্ষার রীতি অনুযায়ী কানে হাত দিয়ে পুলিশের বেষ্টনীর মধ্য দিয়ে বের হতে শুরু করেন, যার মধ্যে কয়েক শ শিশুও ছিল।