শিশুদের আঁকা পোস্টারে জলবায়ু বদলের প্রভাব

ভ্যাপসা গরমে জ্বলে যাচ্ছে গা। আকাশজুড়ে মেঘ। বৃষ্টি হয় হয় করেও এক ফোঁটাও পড়ল না। মাঠের মধ্যে ছোটাছুটি করছেন অস্থির অভিভাবকেরা। ভেতরে শিশুরা আঁকতে বসেছে ‘বদলে যাচ্ছে জলবায়ু, বদলে যাচ্ছে খাদ্য ও কৃষি’ শীর্ষক ছবি। প্রায় সাড়ে সাত শ শিশুর ছবিতে উঠে এল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের চিত্র।
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্য ও কৃষি সংস্থা গতকাল শুক্রবার রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল ও কলেজে ‘বদলে যাচ্ছে জলবায়ু, বদলে যাচ্ছে খাদ্য ও কৃষি’ শীর্ষক পোস্টার অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। সেখানেই তিনটি দলে শিশুরা পোস্টার অঙ্কন করে। ‘ক’ দলে প্রথম শ্রেণি থেকে চতুর্থ, ‘খ’ দলে পঞ্চম থেকে সপ্তম এবং ‘গ’ দলে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
শহরের শহীদ নজমুল হক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী জুবাইদা জহুরার ছবিতে দেখা যায়, প্রখর সূর্যতাপ, তার নিচে কৃষকের বেঁচে থাকার লড়াইয়ের চিত্র। রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিফাত সানজিদার ছবিতে উঠে এসেছে বিপন্ন প্রাকৃতিক পরিবেশ, শীর্ণ নদী, মেঘাচ্ছন্ন আকাশ ও এর মাঝে মানুষের প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের কর্মযজ্ঞ।
বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজমুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হেমায়েত হোসেন ও রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন।
বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত শিশুদের পোস্টার অঙ্কন প্রতিযোগিতা চলে। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি চলে আঁকা ছবির মূল্যায়ন। প্রতি দল থেকে তিনজনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া ২০ জন করে পায় শুভেচ্ছা পুরস্কার।