শিশুদের আদর্শ হোক নজরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু একাডেমী জুড়ে শিশুদের আনাগোনা। অভিভাবকদের হাত ধরে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উপলক্ষ করে। শিশুদের কেউ নজরুল সম্পর্কে জানে; আবার কেউ এখনো বুঝে উঠতে পারেনি, নজরুল আসলে কে! তবে অভিভাবকেরা চান, তাঁদের সন্তান যেন নজরুলের আদর্শকে সামনে রেখে এগিয়ে যায়। অসাম্প্রদায়িক আর মানবিক গুণাবলি অর্জন করে।গতকাল রোববার বাংলাদেশ শিশু একাডেমীর উদ্যোগে একাডেমীর নিজস্ব মিলনায়তনে জাতীয় কবির ১১১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, নজরুলসংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। শিশু একাডেমীর চেয়ারম্যান শিল্পী মুস্তাফা মনোয়ারের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন করুণাময় গোস্বামী। বক্তব্য দেন একাডেমীর পরিচালক মো. তাজুল ইসলাম এবং শিশু প্রতিনিধি নাবিলা তাহসিন ও ফারহান তানভীর। মুস্তাফা মনোয়ার বলেন, ‘অভিভাবকদের উচিত, শিশুদের সুযোগ করে দেওয়া, যেন তাঁরা নজরুলের লেখা ও জীবনকর্মের কাছাকাছি আসতে পারে।’করুণাময় গোস্বামী বলেন, ‘শিশুরা জানে না নজরুল শিশুদের জন্য কী লিখে গেছেন। তাঁর অসংখ্য কবিতা আছে, গান আছে, যা শিশুদের জন্যই লেখা। কিন্তু এর পরও তারা যেকোনো অনুষ্ঠানে বড়দের জন্য লেখা গান-কবিতা পরিবেশন করে।’ তিনি বলেন, নজরুলকে ছোটবেলা থেকেই জানতে হবে। নজরুলের আদর্শে শিশুদের বড় করে তুলতে হবে। কারণ, নজরুলের লেখার প্রথম কথাই হচ্ছে দেশপ্রেম।আলোচনা শেষে ২১ মে অনুষ্ঠিত নজরুলসংগীত প্রতিযোগিতায় বিজয়ী নয় শিশুশিল্পীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ পর্ব শেষে একাডেমীর প্রশিক্ষার্থী শিল্পীরা গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। শুরুতে সমবেতভাবে ‘নবীন আশা জাগল রে আজ প্রাণে’ ও ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দম’ গান দুটি পরিবেশন করে। ‘শুকেনা পাতার নূপুর পায়ে’ গানের সঙ্গে দলীয় নৃত্যের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। শেষ হলো নজরুলসংগীত সম্মেলন নজরুলসংগীত শিল্পী পরিষদ আয়োজিত দুই দিনের নজরুলসংগীত সম্মেলন গতকাল রোববার শেষ হয়েছে। জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এ দিনের অনুষ্ঠান সাজানো হয় নজরুলের বৈচিত্র্যময় গান এবং কবিতা দিয়ে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অর্ধশতাধিক শিল্পী সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। ‘এল ঐ পূর্ণ শশী ফুল্ জাগানো’ গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সমবেত সংগীত পরিবেশন করেন দোলনচাঁপা ও ছায়ানটের শিল্পীরা। পরে একক কণ্ঠে পরিবেশিত হয় ‘রুম্ ঝুম্ রুম্ ঝুম্’, ‘তুমি সারাজীবন দুখ দিলে’, ‘চুড়ির তালে নুড়ির মালা’, বোলনা বোলনা ওলো সই’, ‘নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়’, ‘সহসা কি গোল বাধালো’, ‘কুহু কুহু কুহু কোয়েলিয়া’ ‘মোর প্রথম দিনের মুকুল’, ‘বঁধু আমি ছিনু বুঝি বৃন্দাবনে’ ইত্যাদি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগীত পরিবেশন করেন খিলখিল কাজী, নাশিদ কামাল, সামিরা আব্বাসী, নাতজিয়া আহমেদ, সঞ্জয় কবিরাজ, সুমন চৌধুরী, রওশন আরা ইয়াসমিন, ইয়াসমিন মুশতারী প্রমুখ। আবৃত্তি করেন মাহিদুল হাসান। ছিল শুক্লা সরকারের পরিচালনায় দলীয় নৃত্য। যশোরে বাংলা একাডেমীর তিন দিনব্যাপী বইমেলা শুরুযশোর প্রতিনিধি জানান, সোনার বাংলা গড়তে হলে সৃজনশীল সাহিত্যচর্চা করতে হবে। দেশের উন্নয়ন বা ডিজিটাল বাংলাদেশ গঠনের কথা ভাবতে হলে বই পাঠের বিকল্প নেই।বাংলা একাডেমীর আয়োজনে যশোরে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এ কথা বলেন। গতকাল সকালে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর শাখার আঙিনায় এ মেলার আয়োজন করা হয়। এ মেলা আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, পরিচালক প্রাবন্ধিক আবদুল ওয়াহাব, শিক্ষাবিদ আমিরুল আলম খান, উদীচী যশোরের সাধারণ সম্পাদক ডি এম শাহিদুজ্জামান প্রমুখ।