শিশুদের আবদার মেটাতেই যা কিছু কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজমা বেগমের (৪৮) ছোটবেলায় ‘বকরি ঈদ’-এ পশু কোরবানিটাই ছিল মুখ্য। আট ভাইবোনের পরিবারে নতুন পোশাকের বায়না ধরতো না কেউ। বাড়ির ছোটরা আগের ঈদে কেনা জামাটাই আবার ধুয়ে পরে নিত। কিন্তু এখন সময় পাল্টেছে। গতকাল নিজের দুই সন্তানের জন্য ঈদের নতুন পোশাক কিনতে এসে বললেন, এখনকার ছেলেমেয়েরা ঈদের দিন পুরোনো কাপড় পরতে রাজি হবে না। ওদের কাছে ঈদ মানেই নতুন জামা।

পবিত্র ঈদুল আজহার খরচের ফর্দে কোরবানির পশু কেনা সবার ওপরে থাকলেও নতুন পোশাক, জুতা, ঘর সাজানোর অনুষঙ্গও কিনছেন অনেকে। তবে পবিত্র ঈদুল ফিতরের মতো জমজমাট আমেজ নেই।

গতকাল বিপণিবিতানগুলো ঘুরে শিশুদের পোশাকের দোকানগুলোতে কিছুটা ভিড় চোখে পড়ে। গুলশান-১-এর পুলিশ প্লাজা কনকর্ড শপিংমলে একমাত্র মেয়ের জন্য ঈদের জামা কিনতে এসেছিলেন তারেক রহমান। বললেন, ‘এই ঈদে নিজেরা কিছু কিনি নাই। শুধু বাচ্চার জন্য কিনলাম।’ ব্যবসায়ী মো. মতিন বলেন, বাচ্চাদের পোশাকের বিক্রি মোটামুটি ভালো। সুতি ও আরামদায়ক কাপড়ের ফ্রক-গেঞ্জি সেট ভালো চলছে।

আড়ংয়ে ঈদ উপলক্ষে এসেছে নতুন পোশাকের সংগ্রহ। প্রতিষ্ঠানটির গুলশান লিংক রোড শাখায় গিয়ে দেখা যায়, শিশু ও মেয়েদের অংশে ক্রেতাদের জটলা। রামপুরা থেকে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নওরোজ বলেন, ‘এই ঈদে জমকালো কিছু নিচ্ছি না। সকালে পরার জন্য সুতির জামা কিনলাম।’

দুপুরে মধ্যবিত্তের বিপণিবিতান নিউমার্কেট-গাউছিয়ার দোকানগুলো প্রায় ফাঁকাই ছিল। তবে উল্টো দিকের চাঁদনী চক শপিং কমপ্লেক্সের জুতা, ব্যাগের দোকানগুলোতে ক্রেতাসমাগম ভালোই ছিল।

ঘর সাজানোর অনুষঙ্গের মধ্যে বিছানার চাদর ভালো বিক্রি হচ্ছে বলে জানান লুৎফর বেডিংয়ের বিক্রেতা মো. রাজু।

নিউমার্কেটে আসা একাধিক ক্রেতার হাতে ছিল আয়তাকার বাক্সের ওপর শিক বসানো কাবাব চুলা। চাঁদপুর এন্টারপ্রাইজের মো. সাইফুল আসলাম বলেন, কোরবানির মৌসুমে এটাই ‘হিট আইটেম’।