শিশুদের এখনো ফিরিয়ে দেয়নি বিএসএফ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী মিনাপুর গ্রামের বড় পুকুরপাড়। একটু এগোলেই সীমান্তে কাঁটাতারের বেড়া। বৃহস্পতিবার বেলা ১১টায় সেই পুকুরপাড়ে কয়েক শ মানুষের ভিড়। তারা সবাই মিনাপুর গ্রামের বাসিন্দা। সেখানে বসে আছেন বৃদ্ধা জরিনা বেওয়া। কাছে যেতেই হাউমাউ করে কেঁদে উঠলেন। পাশে বসে থাকা এক যুবক জানালেন, গত ২৩ জুলাই ভোরে তাঁর নাতি সেতাবুল ইসলামসহ মিনাপুরের পাঁচ শিশু সীমান্ত এলাকায় এক জলাশয়ে মাছ ধরতে যায়। সে সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের ধরে ওপারে নিয়ে যান। এরপর থেকে ওই শিশু-কিশোরদের স্বজনেরা তাদের ফেরত পাওয়ার আশায় প্রতিদিন বড় পুকুরপাড়ে এসে অপেক্ষার প্রহর গোনেন। গতকাল শুক্রবার পর্যন্ত তাদের ফেরত দেয়নি বিএসএফ।সেতাবুল ছাড়া আর যাদের বিএসএফ ওই দিন ধরে নিয়ে গেছে তারা হচ্ছে দেনিয়াল হকের ছেলে পানিয়া (১৫), কুদ্দুসের ছেলে সালাউদ্দীন আহমেদ (১৩), নজরুল ইসলামের ছেলে মন্টু (৭), আবতাব উদ্দীনের ছেলে রায়হান (৮)। তারা ওই দিন এলাকার জলাশয়ে মাছ ধরাতে যায় । মন্টুুর মা মারুফা বেগম জানান, তাঁর ছেলে ১৪ দিন ধরে ভারতে বন্দী। এ কথা ভাবতেই তাঁর কষ্ট হয়। রায়হানের মা রেহানা খাতুন জানান, ওই শিশুদের দুই-এক দিনের মধ্যে ফেরত দেওয়া হবে বলে বিডিআর জানিয়েছিল। কিন্তু ১৪ দিন পেরিয়ে গেলেও তাদের ফেরত দেওয়া হয়নি। ২ রাইফেলস ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এরশাদ হোসেন জানান, ২৩ জুলাই হরিপুর সীমান্তে পতাকা বৈঠকে বিএসএফ অভিযোগ করে, ওই পাঁচ শিশু-কিশোর সীমানার তাঁরকাটা কেটে ফেলার চেষ্টা করছিল। বিডিআর এর প্রতিবাদ জানিয়ে শিশু-কিশোরদের অবিলম্বে ফেরত দেওয়ার অনুরোধ করে। কিন্তু বিএসএফ তাদের সরাসরি ফেরত না দিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দুই-এক দিনের মধ্যে ফেরত নেওয়ার কথা বলে। শিশু-কিশোরদের ফেরত না দেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিডিআরের দিনাজপুর সেক্টর কমান্ডার সালেহ আহমেদ গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে জানান, ওই শিশুদের ভারতের একটি আদালতে হাজির করা হলে আদালত ১০ আগস্ট শুনানির দিন ধার্য করেছেন।