সাতক্ষীরায় সরকারি শিশু পরিবারের (বালক) শিশুদের ওপর শারীরিক, মানসিক ও যৌন নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকার শহীদ আলাউদ্দিন চত্বরে মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ নিমাই চন্দ্র মণ্ডল, জজ কোর্টের অতিরিক্ত সরকারি কৌঁসুলি ফাহিমুল হক, জেলা গণফোরামের সাধারণ সম্পাদক আলীনূর খান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নেতা শেখ হারুন-উর-রশিদ, প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি এস এম হাবিবুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সন্তান–সমতুল্য শিশুদের ওপর যাঁরা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে অন্য কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুধু কর্মচারীদের বদলি করলে চলবে না, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের শিশুরা দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের শিকার হচ্ছে। পাশাপাশি তাদের ঠিকমতো খাবারসহ অন্যান্য সুবিধা দেওয়া হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গত রোববার রাতে শিশুরা অনশন শুরু করে। এ সময় তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এতে শিশুরা ক্ষুব্ধ হয়ে চারজন কর্মচারীকে মারধর করে।