শিশুদের ওপর যারা গুলি চালায়, তারা মানুষ নয়। তারা পশুর চেয়েও অধম—এ বক্তব্য চট্টগ্রামের দুই শিক্ষার্থীর। পাকিস্তানে তালেবান হামলায় শতাধিক শিশু নিহত হওয়ার ঘটনার নিন্দা জানাতে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখার শিশু-কিশোর ও তরুণেরা।
মানববন্ধনে খেলাঘরের সদস্য শিক্ষার্থী দীপিকা বসু ও প্রেমা চৌধুরী শিশুদের ওপর বর্বর এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। খেলাঘরের সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সিটি করপোরেশনের দুই ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম ও রেখা আলম চৌধুরী, খেলাঘরের সহসভাপতি শিলা দাশগুপ্তা, সাধারণ সম্পাদক রূপক চৌধুরী, সংস্কৃতিকর্মী অঞ্চল চৌধুরী, আইনজীবী শফিউল আলম চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, পাকিস্তানের মতো বাংলাদেশকেও তালেবানি রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখেন কেউ কেউ। তাদের এখনই প্রতিহত করতে হবে। পাকিস্তানে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উগ্র মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানান তাঁরা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।