শিশুদের ওষুধ নেই ২৬ দিন ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ দিন ধরে হাসপাতালের বহির্বিভাগে শিশুদের কোনো ওষুধ নেই। তেলের পাম্পে কয়েক লাখ টাকা বকেয়া থাকায় পড়ে আছে একমাত্র অ্যাম্বুলেন্সটি। দেড় বছর ধরে নেই প্রসূতি চিকিৎসক। হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে সার্জারি চিকিৎসক না থাকায় সব ধরনের অস্ত্রোপচারও বন্ধ।
এ অবস্থা মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। এ পরিস্থিতিতে জেলার সবচেয়ে বড় এ উপজেলার চার লাখ মানুষের স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ২১ জন চিকিৎসকের স্থলে মাত্র পাঁচজন থাকায় সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্র জানায়, হাসপাতালটি ১৯৬৮ সালে ৩১ শয্যা থেকে ২০১২ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয়। সে সময় আরও প্রয়োজনীয় জনবল চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও তা দেওয়া হয়নি। বর্তমানে হাসপাতালটিতে গুরুত্বপূর্ণ পদের মধ্যে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), অর্থোপেডিক, কার্ডিও, স্ত্রীরোগ ও প্রসূতি, শিশু, চর্ম ও যৌন, চক্ষু এবং নাক, কান ও গলা বিশেষজ্ঞ, সার্জারি ও আবাসিক চিকিৎসক পদে একজন করে, চিকিৎসা কর্মকর্তা দুজন ও সহকারী সার্জন পদে ছয়জনের পদ খালি রয়েছে।
সম্প্রতি সকাল ১০টার দিকে গিয়ে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগে একজন চিকিৎসক সেবা দিচ্ছেন। পাশেই বিছানায় শুয়ে আছেন বাদিয়াপাড়া গ্রামের শরিফুল ইসলাম। পায়ে কাটা বিঁধে সংক্রামক রোগ দেখা দিয়েছে। দুজন ওয়ার্ডবয় সেটি কাটার প্রস্তুতি নিচ্ছেন।
শরিফুল ইসলাম বলেন, এ জন্য ব্লেড থেকে প্রয়োজনীয় সব উপকরণ বাইরে থেকে কিনতে হয়েছে।
ফার্মাসিস্ট রতন কুমার বলেন, হাসপাতালে সাধারণ রোগীদের জন্য নিয়মিত কয়েকটি ওষুধ আছে। ডিসেম্বরের শুরু থেকেই শিশুদের জন্য কোনো ওষুধ নেই। এমনকি এক বোতল সিরাপও নেই।
হাসপাতালের কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, জরাজীর্ণ হাসপাতাল ভবনটির নিচতলায় অস্ত্রোপচার কক্ষটি তালাবদ্ধ। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। দুই বছর বন্ধ থাকায় সেখানে পোকামাকড়ের বসতি। পাশেই এক্স-রে মেশিনের ঘর। এ যন্ত্রটিও তিন বছরের বেশি সময় ধরে নষ্ট। ফিল্ম প্যাকেট বন্দী হয়ে নষ্ট হয় যাচ্ছে। ইসিজি, আলট্রাসনোগ্রাফি মেশিন বছর পাঁচেক আগে সরবরাহ করা হলেও সেগুলো কার্টনে বন্দী রয়েছে। জেনারেটরটি চালু করার ১৫ দিনের মাথায় নষ্ট হয়েছে। রক্ত রাখার ফ্রিজটি প্রথম থেকেই অকেজো হয়ে পড়ে রয়েছে। পুরুষ ও মহিলা ওয়ার্ডটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
মহিলা ওয়ার্ডে গিয়ে দুজন রোগীর দেখা মিলল। তার মধ্যে আযান গ্রামের শুকতারা নামের একজন জানালেন, ‘বিটা, বুকের ব্যতা নিই আইসুনু। একদিন থাকনু, কমল না। ডাক্তার বাড়ি যাতি বুইল্ল।’
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, পুরো হাসপাতালে মাত্র একজন পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন। তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অকেজো হয়ে পড়ে আছে। আরেকটি নতুন, তবে রেজিস্ট্রেশন না হওয়ায় গ্যারেজে বন্দী রয়েছে। সেটিও অকেজো হওয়ার পথে। জ্বালানির অভাবে একমাত্র সচল অ্যাম্বুলেন্সটিও বন্ধ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অপূর্ব কুমার সাহা বলেন, জেলার ৬০ শতাংশ সেবা এ উপজেলা থেকে দেওয়া হয়। প্রতিদিন ৪০০ রোগী বহির্বিভাগে আসে। ওয়ার্ডে রাউন্ড, জরুরি বিভাগে ২৪ ঘণ্টা ও বহির্বিভাগে সেবা দিতে পাঁচজন চিকিৎসকের হাপিত্যেশ উঠে যায়। তাই সেবা ব্যাহত হচ্ছে।