‘শিশুদের মুখোমুখি মেয়র প্রার্থী’ অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরের আভা সেন্টারে দুই মেয়র প্রার্থী খুলনা নগরকে একটি আধুনিক ও শিশুবান্ধব নগরে পরিণত করার অঙ্গীকার করেছেন। ন্যাশনাল চিলড্রেন টাক্সফোর্স ও শিশু একাডেমী খুলনা আয়োজিত ওই অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তিন মেয়র প্রার্থীর মধ্যে সদ্যবিদায়ী মেয়র ও সম্মিলিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক (তালা) ও নাগরিক উন্নয়ন সমন্বয় কমিটির শফিকুল ইসলাম (দোয়াত-কলম) উপস্থিত ছিলেন। অপর প্রার্থী ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের মো. মনিরুজ্জামান (আনারস) সেখানে উপস্থিত ছিলেন না। শিশু প্রতিনিধি মাশরাফি মোহামঞ্চদের সভাপতিত্বে শিশুরা উপস্থিত মেয়র প্রার্থীদের প্রশ্ন করে নির্বাচিত হলে আপনারা খুলনা নগরকে শিশুবান্ধব নগর ঘোষণা, দরিদ্র শিশুদের লেখাপড়ার জন্য বৃত্তির ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়াবেন কি না? জবাবে শফিকুল ইসলাম বলেন, ‘আমি নির্বাচিত হলে খুলনায় শিশুদের জন্য শিশুপার্ক স্থাপনসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করব।’ তালুকদার আবদুল খালেক বলেন, ‘যদি জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে আগামীতে খুলনাকে একটি আধুনিক ও শিশুবান্ধব নগরীতে পরিণত করব।’