শিশুদের কান্না থামছে না
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে টর্নেডোর আঘাতে বইপত্র, শিক্ষা উপকরণ ও পোশাক হারিয়ে দুশ্চিন্তায় পড়েছে পঞ্চম শ্রেণীর প্রায় অর্ধশত শিক্ষার্থী। ২০ নভেম্বর থেকে প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ওই এলাকায় ঘর-বাড়ির নমুনা ছাড়া আর কিছুই নেই। ছিঁড়ে যাওয়া কয়েকটি বইপত্র নিয়ে কয়েকজন শিশুকে কান্নাকাটি করতে দেখা যায়। অনেকে টর্নেডোর ভয়াবহতায় তাদের সর্বস্ব হারানোর কথা বলতে গিয়ে বারবার কেঁদে ফেলছে। ১৪ অক্টোবর এক মিনিটের টর্নেডোর ছোবলে গ্রামের প্রায় সাড়ে চার শ পরিবারের ঈদ ও পূঁজার আনন্দ মাটি হয়ে যায়।
চাঁদবিল গ্রামের বিশ্বনাথ ঠাকুরের ছেলে প্রশান্ত হালদার জানায়, সে চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। আগামী মাসে তার সমাপনী পরীক্ষা। শিক্ষকদের কাছ থেকে সাজেশন, সিলেবাস, বিগত বছরের প্রশ্নপত্র সংগ্রহে ছিল তার। কিন্তু টর্নেডোয় বাড়ির সবকিছুর সঙ্গে বইপত্রও হারিয়ে গেছে। কীভাবে পরীক্ষা দেবে তা নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছে তার।
আরেক পরীক্ষার্থী দীপিকা রানীর বাবা নেপাল হালদার বলেন, ‘তিন দিন আগে সাড়ে তিন শ টাকা দিয়ে সমাপনী পরীক্ষার গাইড কিনে দিয়েছি। ঝড়ে সংসারের জিনিসপত্রের সঙ্গে মেয়ের বইপত্র ও শিক্ষা উপকরণও উড়ে গেছে। আবারও মেয়ের জন্য গাইড, বইখাতা কেনার মতো ক্ষমতা আমার নেই।’ দীপিকা জানায়, ঝড়ে উড়ে যাওয়া গাইডসহ কিছু বই সে খুঁজে পেয়েছিল। কিন্তু ঝড়ের সঙ্গে টানা বৃৃষ্টির কারণে বইয়ের পাতা ভিজে নষ্ট হয়ে গেছে।
কাশেম আলীর ছেলে নবাব আলী জানায়, কৃষি কাজ করে বাবা লেখাপড়ার খরচ দিতেন। এখন সর্বস্ব হারিয়ে বাবার পক্ষে বই কেনারও সামর্থ্য নেই। তাই সমাপনী পরীক্ষা দেওয়া হবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সে।
লাবনী হালদার জানায়, ঝড়ের কারণে স্কুলে যাওয়ার পোশাকও হারিয়ে গেছে। চাঁদবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসানা গুলজারা জানান, টর্নেডোর আঘাতে শতবর্ষী বটগাছ ভেঙে পড়ে বিদ্যালয়ের ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার ৪৬ জন শিশু প্রাথমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা দেবে। কিন্তু টর্নেডো শিশুদের বইপত্রসহ সবকিছুই কেড়ে নিয়েছে। তাই শিক্ষাসহায়তা ছাড়া হতদরিদ্র বাবা-মায়ের পক্ষে নতুন করে বই ও পরীক্ষার বকেয়া দেওয়া অসম্ভব।