শিশুদের কেষ্টর পড়া
পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চরশান্তিনগর গ্রামটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। গ্রামটিতে প্রায় ৩০০ কৃষিজীবী পরিবার বসবাস করে। কিন্তু এখানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। তাই শিশুশিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে নদী পার হয়ে অন্য গ্রামের বিদ্যালয়ে পড়াশোনা করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদী থেকে সৃষ্টি হয়ে পুনরায় পদ্মায় মিলিত একটি নদী চরশান্তিনগর গ্রামকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করেছে। এক দশক ধরে শিশুরা ভেলায় ও নৌকায় করে, কখনো বা সাঁতরে শাখা নদীটি পার হয়ে চরকুড়লিয়া গ্রামের বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করছে। সেখানে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন ও একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় রয়েছে। বিচ্ছিন্ন শান্তিনগর গ্রামটি শুধু শিক্ষা নয়, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবাসহ সরকারি প্রায় সব সুবিধা থেকেই বঞ্চিত। বর্তমানে গ্রামটির প্রায় ২০০ শিশুশিক্ষার্থী প্রতিদিন নদী পার হয়ে এবং তিন কিলোমিটার হেঁটে চরকুড়লিয়ার বিদ্যালয়ে যায়। বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে তাদের নদী পার হতে হয়।
চরকুড়লিয়া গ্রামের বাসিন্দা সেলিম রেজা বলেন, শান্তিনগর গ্রাম থেকে শিশুরা প্রতিদিন হেঁটে নদীপাড়ে এসে থামে। তারপর নৌকার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় তাদের। নৌকা না থাকলে ভেলায় করে এবং কেউ কেউ সাঁতার দিয়ে নদী পার হয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে। অনেক শিশু সাঁতার জানে না। সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্রী পারভিন সুলতানা জানায়, নদী পার হওয়ার সময় এক দিন নৌকা উল্টে ডুবে গিয়েছিল সে। পরে নৌকার মাঝি ও যাত্রীরা তাকে উদ্ধার করেন।
চরকুড়লিয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র হৃদয় মাহামুদ বলে, শুকনা মৌসুমে পানি যখন কম থাকে, তখন তারা হেঁটে নদী পার হয়। তাতে জামাকাপড় ভিজে যায়।
প্রতিদিন নৌকায় করে নদী পারাপারে ১০ টাকা করে ব্যয় হয়। ওই অর্থ জোগাড় করতে না পারায় অনেক শিশুই মাঝেমধ্যে বিদ্যালয়ে যায় না বলে জানায় কয়েকজন শিক্ষার্থী। চরশান্তিনগরের বাসিন্দা ও শিক্ষার্থীরা নাসিরের ঘাট দিয়ে নদী পার হয়। ওই ঘাটের ইজারাদার ও নৌকামালিক তালেব মল্লিক জানান, বার্ষিক ৩০ হাজার টাকায় তিনি ঘাটটি ইজারা নিয়েছেন। প্রতিদিন এই ঘাট দিয়ে দুই শতাধিক শিক্ষার্থী নদী পারাপার হয়। নৌকা বা ভেলা না পেলে কেউ সাঁতার দিয়েও নদী পার হয়।
লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিছ মোল্লা বলেন, চরশান্তিনগর গ্রামে যাতায়াতের জন্য নদীতে একটি সেতু নির্মাণের জন্য স্থানীয় সাংসদ ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের কাছে দাবি জানানো হয়েছে। তিনি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।
ঈশ্বরদী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারুক উদ্দিন জানান, শান্তিনগর গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়নি। তবে কেউ ৩০ শতাংশ জমি দান করলে একটি বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী রুমেল হায়দার সম্প্রতি বলেন, ভূমিমন্ত্রী বেশ কয়েক দিন আগে এলজিইডির প্রধান প্রকৌশলীকে চিঠি (ডিও লেটার) দিয়েছেন। তবে এখন পর্যন্ত সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়নি।