শিশুদের কোলাহলে রাগান্বিত হয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস শেষে মাঠে খেলছিল কচিকাঁচারা। শিক্ষার্থীরা শব্দ করে খেলায় রাগান্বিত হয়ে এক ব্যক্তি দুই শিক্ষককে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরে যশোরের কেশবপুর পৌর এলাকার ভোগতি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে।নির্যাতনের শিকার শিক্ষক দিনা লায়লা ও মকবুল হোসেন জানান, স্কুলের মাঠে দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাসের ফাঁকে একদল শিক্ষার্থী খেলছিল। এ সময় স্কুলের পাশের বাসিন্দা মাহবুর রহমান তাঁদের কক্ষে ঢুকে মারধর করেন। হামলায় শিক্ষক মকবুল হোসেন গুরুতর আহত হন। দিনা লায়লার শাড়ি ও ওড়না ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী মিছিল করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন নাহার বলেন, ‘মাহবুর কোনো কিছু না শুনেই শিক্ষকদের পিটিয়েছেন। আমরা শিক্ষার্থীদের সামনেই নির্যাতনের শিকার হয়ে চরম অপমানিত হয়েছি।’ তিনি ওই যুবকের শাস্তির দাবি জানান। মকবুল হোসেন বলেন, ‘জীবনে ভাবতেও পারেনি এভাবে অপমানিত হব।’উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা জানান, তাঁরা সমিতির পক্ষ থেকে জরুরি সভায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এলাকার কাউন্সিলর মশিয়ার রহমান জানান, মাহবুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী।কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির রেজাউল হোসেন জানান, স্কুলের সহকারী শিক্ষক মকবুল হোসেন মামলা করেছেন। আসামি গ্রেপ্তারে সম্ভাব্য জায়গায় অভিযান চলছে। তিনি বলেন, আসামি মাহবুর খারাপ প্রকৃতির লোক। অপারেশন ক্লিনহার্টের সময় তিনি যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন।অভিযোগের বিষয়ে মাহবুরের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।