জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে গতকাল শনিবার সারা দেশে শিশুদের খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে শিশুদের ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাইয়ে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।এদিন সারা দেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুই কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি হাতে নেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আর এক কোটি ৯০ লাখের বেশি শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানোর কথা। একই সঙ্গে ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের শুধু মায়ের বুকের দুধ খাওয়ানোর বার্তাও প্রচার করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশব্যাপী এক লাখ ৪০ হাজার স্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। আর এ কার্যক্রম সফল করতে মাঠপর্যায়ে প্রায় সাড়ে চার লাখ মাঠ কর্মী নিয়োজিত ছিলেন। সরকারি সংবাদ সংস্থা বাসস জানায়, ‘এ’ ক্যাম্পেইনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শিশুদের ভবিষ্যৎ নাগরিক উল্লেখ করে বলেন, সরকার তাদের স্বাস্থ্যবান ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চায়। স্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে শিশু ও মাতৃমৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে। গ্রাম পর্যন্ত ডিজিটাল স্বাস্থ্যসুবিধা চালু করা হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির প্রমুখ। সরকারের এ কর্মসূচিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেসরকারি হাসপাতাল ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সহায়তা করে। রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের সামনে উৎসবমুখর পরিবেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। এতে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের পরিচালক জহির উদ্দিন আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থেকে শিশুদের ক্যাপসুল খাওয়ান।