শিশুদের খারাপ কাজে ব্যবহারে বাধ্যকারীদের কঠোর শাস্তি দাবি
বড়রা শিশুদের রাজনৈতিক কাজে ব্যবহার করছে। তাদের দিয়ে মাদক পরিবহনসহ বিভিন্ন খারাপ কাজ করতে বাধ্য করছে। এসব কাজে শিশুদের বাধ্যকারীদের অপরাধ অমার্জনীয়। তাদের কঠোর শাস্তি দিতে হবে। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি সংবাদ সম্মেলনে আলোচকেরা এ কথা বলেন।
আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় সংবাদ সম্মেলনে শিশু আইন বাস্তবায়নে গণমাধ্যমসহ সবার প্রতি আহ্বান জানানো হয়। ছোট কোনো অপরাধ বা ভুলের জন্য শিশুদের যাতে কারাগারে অহেতুক আটকে রাখা না হয়, সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
‘শিশু আইন ও শিশু অধিকার সুরক্ষা’বিষয়ক সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি এম এনামুল হক, সাবেক আইজিপি এম সহীদুল ইসলাম চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম আজিজুল হক, সাবেক সচিব নাজমুল আহসান চৌধুরী, সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সালাম গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দেন।
আইনের সংস্পর্শে আসা শিশুদের সুরক্ষায় প্রতি বিভাগে অন্ততপক্ষে একটি কিশোর-কিশোরী উন্নয়নকেন্দ্র থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন এম এনামুল হক।