শিশুদের খেলাধুলায় ২২টি পার্ক উন্নয়ন করা হবে
শিশুদের খেলার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ২২টি পার্ক উন্নয়ন করা হবে। এ ছাড়া যেসব পার্ক আছে সেগুলো খেলার উপযোগী করতে সংস্কার করা হবে।
গতকাল কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন মেয়র সাঈদ খোকন। ‘শিশুদের কিডনি রোগ প্রতিরোধ’ শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন।
সাঈদ খোকন বলেন, কিডনি রোগ প্রতিরোধে খাদ্যাভ্যাস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে ক্ষেত্রে ভেজালমুক্ত খাবার অনেক জরুরি। শিগগিরই ভেজাল খাদ্যবিরোধী অভিযান শুরু করা হবে।
অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক এম আর খান পরিবেশদূষণ, ময়লা-আবর্জনা থেকে শিশুদের রক্ষার পাশাপাশি তাদের বিনোদনের জন্য পর্যাপ্ত খেলার মাঠের ব্যবস্থা করার আহ্বান জানান।
বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় কিডনি ফাউন্ডেশনের সভাপতি হারুন উর রশীদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।