শিশুদের গড়তে হবে মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতির চেতনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিশু ও তরুণদের মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও উত্তরাধিকারের চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেছেন, দেশকে সুখী ও সমৃদ্ধশালী করে তুলতে তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে।
গতকাল শুক্রবার রাজধানীতে কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে এসব কথা বলেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘শিশুদের সকল প্রকার কুসংস্কারমুক্ত পরিবেশে বড় হওয়া আবশ্যক। বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও মুক্ত চিন্তাই কেবল শিশুদের জন্য এমন পরিবেশ নিশ্চিত করতে পারে। খেলাঘর আসর শিশুদের অসাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠতে সহায়তা করছে জেনে আমি আনন্দিত।’ খবর বাসসের।
নিজের শৈশবের স্মৃতিচারণা করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘আমরা একটি পরাধীন দেশের নাগরিক ছিলাম। আমাদের না ছিল কথা বলার স্বাধীনতা, না ছিল মত প্রকাশের স্বাধীনতা। এমনকি সংস্কৃতির অনুশীলনও ছিল কঠোরভাবে সীমাবদ্ধ। কিন্তু তোমরা তো ভাগ্যবান, তোমাদের কথা বলার স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে এবং নিজস্ব সংস্কৃতির অনুশীলনেরও স্বাধীনতা আছে। এ দেশে সাংবিধানিকভাবে এগুলোর স্বীকৃতি রয়েছে।’
রাষ্ট্রপতি শিশুদের তাদের নিকটজনদের বসবাসস্থল গ্রামে যাওয়ার পরামর্শ দিয়ে বলেন, তোমরা সময় পেলে অবশ্যই তোমাদের দাদা-দাদি যে গ্রামে বসবাস করেন, সেখানে বেড়াতে যাবে। দেখবে তাঁরা তোমাদের দেখে কেমন খুশি হন।
আবদুল হামিদ শিশুদের প্রতি দেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখারও পরামর্শ দিয়ে বলেন, গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য না দেখতে পেলে শিশুরা এসব থেকে বঞ্চিত হবে। কারণ, এগুলো জীবনের শেকড় ও মূল উপাদান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার, বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী ও সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়া।