শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজশাহীর বাঘায় সোনাদহ আর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। একুশে পদকপ্রাপ্ত পলান সরকার এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার হারুন অর রশিদ শাহ উচ্চবিদ্যালয়ে পলান সরকারের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক মোস্তফা শরীফ আনোয়ার।
বিশেষ অতিথি ছিলেন আবদুল গণি মহাবিদ্যালয়ের শিক্ষক আমজাদ হোসেন, সারদা ডিগ্রি কলেজের শিক্ষক মোবারক হোসেন ও বাউসা হারুন অর রশিদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান।
প্রতিযোগিতায় প্রথম হয়েছে উপজেলার নওটিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সোহরাব হোসেন, দ্বিতীয় হয়েছে তেঁথুলিয়া বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আফরোজা খাতুন ও তৃতীয় হয়েছে হারুন অর রশিদ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জীবন আলী।