শিশুদের চোখে স্বপ্ন নেই শুধু বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিহাদ পঞ্চম শ্রেণীর, আনোয়ার চতুর্থ শ্রেণীর, শিখা রানী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। প্রত্যেকের চোখেমুখেই প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। সবার বাড়িই দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের ভেলাইন (আইমাড়া) আদর্শ গুচ্ছগ্রামে।
কিন্তু তাদের গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। যেতে হয় কয়েক কিলোমিটার দূরের বিদ্যালয়ে। ফলে গ্রামের প্রায় ৪০ থেকে ৫০ জন শিশুর লেখাপড়া হুমকির মুখে।
ঘোড়াঘাট উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে প্রায় ১৫ একর জমির ওপর ভেলাইন আদর্শ গুচ্ছগ্রামটি প্রতিষ্ঠা করা হয়। সে সময় গ্রামটিতে পরিবার ছিল ৫৭টি। বর্তমানে সেখানে ৭৫টি পরিবার বসবাস করছে। গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, এসব পরিবার থেকে ৪০-৫০ জন শিশু অন্য এলাকার প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করছে।
গ্রামবাসী বলেন, তাঁদের গুচ্ছগ্রামে বিদ্যালয় না থাকায় কয়েক কিলোমিটার দূরের বিদ্যালয়ে শিশুদের পাঠাতে হয়। দূরে হওয়ায় প্রায়ই শিশুরা বিদ্যালয়ে সময়মতো যেতে পারে না। এ ছাড়া প্রতিকূল আবহাওয়ার মধ্যে বিদ্যালয়ে যাওয়া-আসা করা সম্ভব হয় না। আবার গ্রাম থেকে সবচেয়ে কাছের বিদ্যালয় হচ্ছে কানাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রাম থেকে বিদ্যালয়টির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। কিন্তু সেখানে যেতে হলে মহাসড়ক পার হতে হয়। এতে শিশুরা সব সময় আতঙ্কের মধ্যে থাকে। এসব কারণে বিদ্যালয়ে গুচ্ছগ্রামের শিশুদের উপস্থিতি কম। তারা লেখাপড়াতেও পিছিয়ে পড়ছে। এভাবে বেশির ভাগ শিশুই প্রাথমিকের গণ্ডি না পেরোতেই ঝরে পড়ছে।
ওই গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান বলেন, গুচ্ছগ্রামটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য জনপ্রতিনিধিসহ প্রশাসনের অনেকের কাছে ধরনা দিয়েছেন গ্রামবাসী। লিখিত আবেদনও করেছেন। কোনো কাজ হয়নি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তবিবুর রহমান বলেন, ইসলামিক ফাউন্ডেশন ও আনন্দ স্কুলের মাধ্যমে শিগগিরই ভেলাইন গুচ্ছগ্রামে বিদ্যালয় স্থাপন করা হবে।