কাদা লেগে জুতাজোড়া বেশ ভারী হয়ে গেছে। তা নিয়ে থপ থপ করে হাঁটছে ছয় বছরের ঋষিকেশ সাহা তীর্থ। কাদা দেখলেই দুহাত দিয়ে ইচ্ছেমতো কিছু না কিছু বানাচ্ছে। খোলা মাঠ আর গ্রাম্য নানান সংস্কৃতির সঙ্গ পেয়ে তীর্থের মতো আরও অনেক শিশুই ছুটছিল এদিক-সেদিক।
বেসরকারি সংস্থা অতুলন বাংলা গতকাল শুক্রবার মোহাম্মদপুরের ইকবাল রোড ক্লাব মাঠে ‘অতুলন বাংলার শিশু মেলার’ আয়োজন করে। নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা এবং তাদের সৃজনশীলতাকে বিকশিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। অভিভাবক ও শিশুদের জন্য উন্মুক্ত অনুষ্ঠানটি চলে দিনব্যাপী। মাঠের চারদিকে বিভিন্ন স্কুল তাদের স্টল সাজিয়েছে। কেউ কেউ নিজ স্কুলের বাচ্চাদের হাতে তৈরি নানান জিনিসও প্রদর্শনী করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমিও মনে করি শিশুদের বিকাশ ঠিকমতো হচ্ছে না। বাচ্চাদের গড়ে তোলার ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। মুক্তিযুদ্ধ সম্পর্কেও তাদের জানাতে হবে।’
অনুষ্ঠানের আরেক অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরিন আহমেদ বলেন, শিশুদের জন্য সব মাঠ উন্মুক্ত করে দিতে সরকারকে দরকার হলে বাধ্য করতে হবে। শিশুদের বিকাশের স্বার্থে অতুলন এই কাজটি করতে পারে।
মাঠের ঠিক মাঝে পাশাপাশি দুটি শামিয়ানা টাঙানো। একটিতে কুমোর চাকি ঘুরিয়ে যাচ্ছেন। আর তৈরি হচ্ছে বিভিন্ন আকৃতির মাটির জিনিস। রং করা বাহারি মাটির পাত্র ঝুলছে পাটের শিকায়। হাত উঁচিয়ে তা ধরার চেষ্টা করছিল মেহেরিন হাসান। কিছুতেই নাগাল না পেয়ে তিন বছরের ছোট্ট মেহেরিন তার বড় আপুর শরণাপন্ন হয়।
মেলায় উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী আফসানা মিমি। তিনি বলেন, বাচ্চাদের সারা দিন পড়ার মধ্যে ব্যস্ত না রেখে সংস্কৃতি চর্চা করানো প্রয়োজন। অতুলন বাংলার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এহসানুল হক স্বাগত বক্তব্যে বলেন, তাঁরা মেলা ছাড়াও স্কুল ও অভিভাবকদের সঙ্গে নিয়ে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে কাজ করবেন। এ আয়োজনে আরও বক্তব্য দেন কথাসাহিত্যিক ইরাজ আহমেদ, গুলশান ইয়ুথ ক্লাবের উপদেষ্টা রাফেজ আলম প্রমুখ।