শিশুদের জন্মগত ঊরুর সংযোগস্থল সমস্যা নিয়ে সেমিনার
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) শিশুদের জন্মগত ঊরুর অস্থি ও মধ্যশরীরের সংযোগস্থল (হিপ) স্থানচ্যুতি ও এর চিকিৎসা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, প্রতি এক হাজার জীবিত শিশুর মধ্যে একটি শিশু এ সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে।গতকাল শনিবার সকালে চমেক একাডেমিক ভবনে চট্টগ্রাম মেডিকেল শিক্ষক সমিতি, অর্থোপেডিক বিভাগ এবং পেডিয়াট্রিক অর্থোপেডিক সোসাইটি অব বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে শিশুদের ‘জন্মগত ঊরুর অস্থি ও মধ্যশরীরের সংযোগস্থল স্থানচ্যুতি: চিকিৎসা ও প্রতিকার’ শীর্ষক চারটি প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক আর আর কৈরী, শ্যামল চন্দ্র দেবনাথ, সারওয়ার ইবনে সালাম ও রাশেদা সামাদ।বক্তারা বলেন, জন্মগতভাবে শিশুরা এ রোগে আক্রান্ত হতে পারে। এ রোগ বেশির ভাগ ক্ষেত্রে মেয়েদের হয়ে থাকে। জন্মের সঙ্গে সঙ্গে রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা করানো গেলে এ থেকে পুরোপুরি পরিত্রাণ পাওয়া সম্ভব হয়। অন্যথায় শিশুকে চিরকালীন পঙ্গুত্ব বরণ করতে হতে পারে।