শিশুদের জন্য আলাদা অধিদপ্তর দাবি
দেশের মোট জনসংখ্যার ৪৫ ভাগ শিশু। শিশুদের সুরক্ষায় আইন ও নীতিমালার কমতি না থাকলেও আইনের বাস্তবায়ন নেই। এ কারণে শিশু নির্যাতন বাড়ছে। শিশু নির্যাতনের ধরন হয়েছে নির্মম। শিশুদের সুরক্ষায় আইনের বাস্তবায়নের পাশাপাশি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি অধিদপ্তর গঠন করা জরুরি।
আজ সোমবার জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত ‘সমতা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রচার’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও শিশুর অধিকারবিষয়ক অধিবেশনে আলোচকেরা এসব কথা বলেন।
গতকাল রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন শুরু হয়েছে। ইউএনডিপির সহায়তায় দুই দিনব্যাপী এ সম্মেলনে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের মানবাধিকার কমিশনের সদস্য, বিভিন্ন দাতাগোষ্ঠী, সরকারি এবং এনজিওর প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
আলোচনায় বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারম্যান এমরানুল হক চৌধুরী বলেন, দেশে শিশুদের জন্য প্রায় ৩৬টি আইন ও নীতিমালা আছে। কিন্তু তারপরও শিশু নির্যাতন বেড়েছে। নির্যাতনের যে ধরন, তা সভ্য সমাজে কোনোভাবেই ঘটতে পারে না।
এমরানুল হক চৌধুরী মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি শিশু অধিদপ্তর গঠনের জোর দাবি জানান। তিনি বলেন, সাত বছর ধরে সরকারের কাছে এ দাবি জানিয়েও কোনো লাভ হয়নি। এর বাইরে বিচারকেরা নিজ উদ্যোগে শিশু নির্যাতনের ঘটনায় যাতে সুয়োমোটো করেন, সে আহ্বানও জানান।
অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু বলেন, বাংলাদেশের মেয়েরা এখন পর্যন্ত মাসিক, স্যানিটারি ন্যাপকিন নিয়ে কথা বলতে পারে না। বস্তি এলাকায় ধর্ষণের পর বেশির ভাগ মেয়ে পুলিশের কাছে যায় না।
ওয়াহিদা বানু জানান, সার্কভুক্ত দেশগুলোর জন্য ১০৯৮ একটি হটলাইন নম্বর আছে। ভারত, নেপাল ও বাংলাদেশ এ নম্বরটি চালু করেছে। বাংলাদেশে এখন পর্যন্ত নম্বরটি পরিচালনা করছে অপরাজেয় বাংলাদেশ।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নুরুন নাহার ওসমানী মাদকাসক্ত পথশিশুদের দিকে নজর দেওয়ার জন্য মানবাধিকার কমিশনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আহ্বান জানান। পরিবার থেকেই শিশুদের নৈতিক শিক্ষা দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।