শিশুদের জন্য ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার শিশুদের জন্য এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ক্ষুধা-দারিদ্র্য থাকবে না, বরং বিশ্বসভায় এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে অভিবাদন গ্রহণকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের জাতির ভবিষ্যৎ কর্ণধার উল্লেখ করে বলেন, আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার কারিগর। সে জন্য প্রতিটি শিশুকে সুন্দর পরিবেশে ও সুষ্ঠুভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে, যাতে তারা শিক্ষা-দীক্ষা, জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে পারদর্শী হয়ে ভবিষ্যতে জাতির দায়িত্ব গ্রহণ করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় শিশু-কিশোর সমাবেশের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় অভিবাদনমঞ্চে ভুটানের রাজা উপস্থিত ছিলেন। পুলিশের অশ্বারোহী বাহিনী ও আনসারের ব্যান্ড দলসহ ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের শিশু-কিশোরেরা মনোরম কুচকাওয়াজে অংশ নেয়। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের কাছে খাবার, ফল ও অন্যান্য উপহার পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান, সহকারী একান্ত সচিব খায়রুল ইসলাম ও সাইফুজ্জামান শেখর মহানগরের মোহাম্মদপুর এলাকায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের রেস্টহাউসে মুক্তিযোদ্ধাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন।স্মারক ডাকটিকিট উদ্বোধনবাংলাদেশ ডাক বিভাগ দেশের স্বাধীনতার ৪০তম বার্ষিকী উপলক্ষে পাঁচটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর গণভবন কার্যালয়ে গতকাল সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব ডাকটিকিট ও একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস উপস্থিত ছিলেন।