শিশুদের জন্য বরাদ্দ গম জব্দ
যশোরে বিদ্যালয়ের শিশুদের টিফিনের জন্য বরাদ্দ করা খাদ্য অধিদপ্তরের ৪৯০ বস্তা গম রাজশাহীর এক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা গত মঙ্গলবার এগুলো উদ্ধার করেন। র্যাব জানায়, ২০০ বস্তা (১৭ টন) গমসহ ট্রাকটি আটক করা হয়। এর চালক জানান, গমের মালিক হাজি মো. সুকচান আলী। সুকচান আলীর ব্যবস্থাপক রিয়াজুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতকে জানান, বগুড়ার শাহানুর ট্রেডার্স থেকে তাঁরা ৫১ মেট্রিক টন গম কিনেছেন। শাহানুর ট্রেডার্স তা কিনেছিল সেন্ট্রাল মার্কেটিং কোম্পানির (সিএমসি) কাছ থেকে। পাবনার ব্যবসায়ী শফিক আহাম্মেদের কাছে গমগুলো পাঠানো হচ্ছিল। পরে নগরীর গোয়ালিয়া থানা এলাকায় সুকচানের গুদাম থেকে আরও ২৯০ বস্তা গম আটক করা হয়।র্যাব জানায়, বিশ্ব খাদ্য সংস্থা (ডবিউএফপি) বাংলাদেশের বিদ্যালয়ে শিশুদের টিফিন বাবদ ১১১৭ দশমিক ৬৪০ টন গম বরাদ্দ করে। এগুলো বগুড়ার শান্তাহার সাইলো (মহাখাদ্যগুদাম) থেকে যশোরের বিসিক শিল্পনগরের সিএমসি বরাদ্দ নেয়। কিন্তু তারা ওই গম কারখানায় না নিয়ে অবৈধভাবে সুকচানের কাছে বিক্রি করে।সুকচান অ্যান্ড সন্সের স্বত্বাধিকারীর ভাই নজরুল ইসলাম অবশ্য দাবি করেছেন, তাঁরা বৈধভাবেই এ গম কিনেছেন। বোয়ালিয়া থানার উপপরিদর্শক জানান, খাদ্য অধিদপ্তরের এই গম কেনাবেচা অবৈধ। তিনি বিশেষ ক্ষমতা আইনে এ ব্যাপারে একটি মামলা করেছেন।