শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের আহ্বান
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মো. নুরুল হক বলেছেন, দেশের অনেক প্রতিষ্ঠানে স্মোকিং কর্নার আছে, বড়দের খাওয়ার জন্য ক্যানটিন আছে, কিন্তু শিশুদের মায়ের বুকের দুধ খাওয়ার জন্য ব্রেস্ট ফিডিং কর্নার নেই। নিরাপদে ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করতে হাসপাতাল ও প্রতিষ্ঠাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
আজ রোববার রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে ‘শিশুবান্ধব হাসপাতাল পুনরুজ্জীবিতকরণ কর্মশালা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের (বিবিএফ) যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীন মো. নুরুল হক বলেন, দুধ পান করার সময় মায়ের সঙ্গে শিশুর একটি আত্মিক বন্ধন তৈরি হয়। বিভিন্ন হাসপাতাল ও প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা জরুরি। দেশের ৬০০টি হাসপাতালে ব্রেস্ট ফিডিং কর্নার আছে। দেশের গার্মেন্টস সেক্টরে যেসব মায়েরা কাজ করেন, তাঁদের সন্তানদের বুকের দুধ খাওয়ানোর জন্য ব্রেস্ট ফিডিং কর্নার দরকার। তিনি বলেন, মায়েরা শিশুদের প্যাকেটজাত দুধ ও গুঁড়ো দুধ খাওয়ান; যা শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়। শিশুদের মায়ের দুধ দেওয়ায় আগের চেয়ে স্বাস্থ্যবান ও লম্বা শিশু পাচ্ছে চীন ও জাপান। শিশুরা মায়ের দুধ খেলে তাদের মস্তিষ্কের গড়ন ভালো হয়, তাদের স্নায়ুতন্ত্রের বিকাশ সুস্থ হয়, সহজে ডায়রিয়া হয় না, অ্যাজমা–জাতীয় রোগ হয় না এবং শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো সুস্থভাবে বিকশিত হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের জ্যেষ্ঠ বিজ্ঞানী ও চেয়ারপারসন অধ্যাপক এস কে রায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী হাসপাতালগুলোকে শিশুবান্ধব করার নির্দেশনা দেন। এখন দেশে ৫৯২টি সরকারি ও বেসরকারি হাসপাতালকে শিশুবান্ধব হাসপাতাল হিসেবে পুনরুজ্জীবিত করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও লাইন ডাইরেক্টর জাতীয় পুষ্টি সেবা এ বি এম মুজ্হারুল ইসলাম, অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রোগ্রাম ম্যানেজার মো. মউদুদ হোসেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার কে এম আজাদ। অনুষ্ঠানে ৫৯২ হাসপাতালকে শিশুবান্ধব হাসপাতাল উদ্যোগ (বিএফএইচআই) সনদ দেওয়া করা হয়।