শিশুদের জন্য রাজাকারমুক্ত দেশ রেখে যেতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা আমাদের শিশুদের হত্যা করেছিল, মা বোনদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল, গণহত্যা চালিয়েছিল, মানুষের ঘরবাড়ি পুড়িয়েছিল, সেই যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের মাটিতে হবেই। আজকের শিশুদের জন্য আমরা জঙ্গিবাদ ও রাজাকারমুক্ত এবং অসাম্প্রদায়িক একটি দেশ রেখে যেতে চাই।’গতকাল রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং স্থানীয় জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিশুসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব বলেন। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের রায় দেওয়া শুরু হয়েছে। এ বিচার শেষ হওয়ার মধ্য দিয়ে জাতির কলঙ্ক মোচন হবে। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অবৈতনিক হলেও শিক্ষার্থীদের পেছনে পরিবারের অনেক টাকা খরচ করতে হয়। তাই মাধ্যমিক স্তর পর্যন্ত বিনা মূল্যে এ বছর ২৭ কোটি বই বিতরণ করা হয়েছে। একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ ও ছিন্নমূল শিশুদের ভাগ্য উন্নয়নে আমরা বিশেষ কার্যক্রম হাতে নিয়েছি। প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্যও আমরা কাজ করছি।’ শহরের মালেকা একাডেমীর পঞ্চম শ্রেণীর ছাত্রী অর্পিতা কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেয় বীণাপাণি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তাসমিয়া জামান। এরপর প্রধানমন্ত্রী শিশুদের সুন্দর হাতের লেখা, রচনা লিখন, চিত্রাঙ্কন, গল্প বলা, আবৃত্তি ও নির্ধারিত বক্তব্যে বিজয়ীদের মাঝে সনদ, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। পরে তিনি দর্শক সারিতে বসে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বেলা একটায় প্রধানমন্ত্রী একই স্থানে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত গ্রন্থমেলার উদ্বোধন করেন। বেলা তিনটায় তিনি হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন।