শিশুদের জন্য সিএসআর-বিষয়ক আইন করবে সরকার: শ্রম প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ  শিশুদের জন্য ব্যবসায় জাতীয় সামাজিক দায়বদ্ধতা নীতি বিষয়ক এক সেমিনারে বক্তব্য রাখছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক। ছবি সংগৃহিত
আজ শিশুদের জন্য ব্যবসায় জাতীয় সামাজিক দায়বদ্ধতা নীতি বিষয়ক এক সেমিনারে বক্তব্য রাখছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক। ছবি সংগৃহিত

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, শিশুদের জন্য ব্যবসায় জাতীয় সামাজিক দায়বদ্ধতা নীতি (সিএসআর) তৈরির পাশাপাশি শিশুদের জন্য এ–সম্পর্কিত একটি আইনও করবে সরকার। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ নীতিবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিএসআর-বিষয়ক খসড়া নীতিকে চূড়ান্ত করার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এ সেমিনারের আয়োজন করে। আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, শিশুদের জন্য এ ধরনের নীতি তৈরির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হতে যাচ্ছে। সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ নীতির খসড়া তৈরি করেছে।
সেমিনারে জানানো হয়, এ নীতির প্রধান উদ্দেশ্য হলো শিশু-কিশোরদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। তাদের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের জন্য সামাজিক দায়বদ্ধতাকে উৎসাহিত করা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় ক্ষেত্রে শিশু-কিশোরদের জন্য একই মানের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম বাস্তবায়ন করা। এ ছাড়া এই নীতির বড় একটি লক্ষ্য হচ্ছে বর্তমানে ভিন্ন ভিন্নভাবে চলমান সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমকে সমন্বিত করা।

সেমিনারে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার। স্বাগত বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাইজুর রহমান। সেমিনারে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান। সেভ দ্য চিলড্রেনের এডুকেশন ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট প্রকল্পের পরিচালক শাহিদা বেগম অনুষ্ঠানে ‘শিশুদের জন্য জাতীয় ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা নীতি’ খসড়াটি উপস্থাপন করেন।

সেমিনারে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, সেভ দ্য চিলড্রেনের দেশীয় পরিচালক মাইকেল ম্যাকগ্রাথ, ইউরোপীয় ইউনিয়নের মানব ও সামাজিক উন্নয়ন বিভাগের শিক্ষা উপদেষ্টা লায়লা বাকি, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন।