শিশুদের জন্য 'যা কিছু ফেলনা, তা দিয়েই খেলনা' কার্যক্রম আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্টুন কিংবা ভিডিও গেমসের আসক্তি থেকে শিশুদের সৃষ্টিশীল কাজে অনুপ্রাণিত করতে তিন মাসব্যাপী ক্যাম্পেইন আয়োজনের উদ্যোগ নিয়েছে আইডিলিক এবং মিনি মিরাকল নামের দুটি সৃজনশীল প্রতিষ্ঠান। আজ ১৬ ডিসেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে।
জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন উদ্যোক্তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এ কার্যক্রমে তাদের সহযোগিতা করবে।
আয়োজকেরা বলেন, এখনকার শিশুরা অতিরিক্ত পরিমাণে ভিডিও গেমস এবং কার্টুনে আসক্ত হচ্ছে। এটি তাদের মস্তিষ্ককে দুর্বল করে দিতে পারে। তাদের এ থেকে বাঁচাতেই এ উদ্যোগ। এ কার্যক্রমে বাচ্চাদের কুড়ানো কাগজ কিংবা অন্যান্য যেকোনো কিছু দিয়ে বিভিন্ন বস্তু, খেলনা, শিল্পকর্ম ইত্যাদি তৈরিতে উৎসাহিত করা হবে। তবে এ কার্যক্রমে বাচ্চারা তাদের যা ইচ্ছা তা-ই তৈরি করতে পারবে।
‘যা কিছুই ফেলনা, তা দিয়েই খেলনা’ স্লোগানের এ কার্যক্রম চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। কার্যক্রমের প্রথম পর্বে বুয়েটের স্থাপত্য বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা ঢাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রচারণা চালাবেন। ২৭ মার্চ মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে জলের গান ব্যান্ডের শিল্পী রাহুল আনন্দ বলেন, অভিভাবকেরা শিশুদের শারীরিক বৃদ্ধিতে মনোযোগী, মানসিক বৃদ্ধিতে নয়। ফলে শিশুরা খাঁচায় বন্দী ডানাওয়ালা পাখিতে পরিণত হচ্ছে। তাদের কল্পনাশক্তি দিয়ে চলতে শেখাতে হবে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন এ কার্যক্রমের অন্যতম উদ্যোক্তা শোভন আরেফ। আরও বক্তব্য দেন স্থপতি আশরাফুল আলম। এ ছাড়া জলের গানের অন্য সদস্যরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।