শিশুদের জীবন গঠনে সহযোগিতা দেওয়া সমাজের দায়িত্ব: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু একাডেমীতে গতকাল অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ l ছবি: পিআইডি
শিশু একাডেমীতে গতকাল অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ l ছবি: পিআইডি

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, শুধু পাঠ্যবইকেন্দ্রিক শিক্ষা শিশুদের বিকাশের জন্য যথেষ্ট নয়। কারণ, শিশুরা অনেক কিছু হওয়ার জন্য স্বপ্ন দেখে। তাদের কেউ ক্রিকেটার, কেউ শিল্পী বা কেউ লেখক, কবি বা অ্যাথলেট হতে চায়। তাই তাদের পছন্দ অনুযায়ী তাদের জীবন গঠনে সহযোগিতা দেওয়া সমাজের দায়িত্ব।
বাংলাদেশ শিশু একাডেমীর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৬ উপলক্ষে গতকাল শনিবার আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় রাষ্ট্রপতি এসব কথা বলেন। খবর বাসসের।
শিশুদের উন্নয়নের লক্ষ্যে যথাযথ পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে বাংলাদেশ শিশু একাডেমীর সঙ্গে কাজ করার জন্য শিশু সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, শিশুর ব্যক্তিত্ব ও আগ্রহের ওপর আস্থা রাখুন। শিশুদের ওপর অহেতুক বা তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দেবেন না। এতে শিশুর স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হয়।
শিশুদের মেধা বিকাশে বাংলাদেশ শিশু একাডেমীর ভূমিকার প্রশংসা করে আবদুল হামিদ বলেন, শিশুদের উপযোগী গল্প, উপন্যাস, ছড়া-কবিতা, জ্ঞান-বিজ্ঞান এবং মুক্তিযুদ্ধ-বিষয়ক বই প্রকাশ করছে শিশু একাডেমী।
শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও সচিব নাসিমা বেগম বক্তৃতা করেন।
রাষ্ট্রপতি আজ কিশোরগঞ্জ যাচ্ছেন: প্রথম আলোর কিশোরগঞ্জ সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আজিমউদ্দিন উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব উদ্বোধন করতে আজ রোববার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কিশোরগঞ্জে আসতে পারেন।